
চলতি বছরের জুনে কানাডায় তরুণদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ শতাংশ। স্ট্যাটিস্টিকস কানাডার শ্রমবাজার সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত অনুযায়ী, জুনে কানাডায় সার্বিকভাকে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ১৪ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ২৫ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে আলোচ্য মাসে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ। যদিও এই বয়সী নারীদের বেকারত্বের হার তুলনামূলক কম। চলতি বছরের জুনে ২৫ বছরের বেশি বয়সী নারীদের বেকারত্বের হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, জুনে কানাডায় কর্মসংস্থানের হার ছিল ৬০ দশমিক ৯ শতাংশ। তবে শ্রমশক্তিকে অংশগ্রহণের হার ছিল ৬৫ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া মাসটিকে কাজের বাইরে ছিল মোট ১৫ লাখ ৫২ হাজার ৫০০ জন। আর কর্মে নিয়োজিত ছিল ২ কোটি ১০ লাখ ৬১ হাজার ২০০ জন।

