
পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের নতুন প্রধানের সন্ধানে রয়েছে সিটি অব টরন্টো। পূর্ববর্তী প্রধানের হঠাৎ দায়িত্ব ছাড়ার পর এই উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ।
সিটিভি নিউজ টরন্টোকে সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের প্রধানের দায়িত্ব পালনকারী হাউয়ি ডেটন আর তার দায়িত্বে নেই।
তবে সিটি কর্তৃপক্ষ এই পরিবর্তন বা পরিবর্তনের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। মাত্র সপ্তাহ দুয়েক আগে ডেটন কিছু এলাকায় বিনোদন কর্মসূচির জন্য স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই অংশগ্রহণের সুযোগ দিতে ভূমিকা রাখেন ডেটন। যদিও একাধিকবার বিভাগটি সমালোচনার মুখে পড়ার এক বছর পর ডেটনের এই প্রস্থান।
বিভাগটি নিয়ে টরন্টোর অডিটর জেনারেল দুটি কড়া প্রতিবেদন প্রকাশ করেন। একটি প্রতিবেদনে কর্মীদের বিরুদ্ধে টাইমশীট জালিয়াতির অভিযোগ আনা হয়। সিটি কর্মীরা পরে নিরীক্ষা কমিটিকে জানান, বিভাগের কিছু যানবাহনে জিপিএস ট্র্যাকার স্থাপন না করার ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও জিপিএস ট্র্র্যাকার স্থাপন করা তুলনামূলক সাশ্রয়ী।
আরেকটি প্রতিবেদনে বলা হয়, পার্কের কিছু বেঞ্চ ও খেলাধুলার সরঞ্জাম মেরামতে কয়েক মাস লেগে যায়। কিছু ক্ষেত্রে সিটি কর্মীরা পার্কগুলোর কোনো সমস্যা চিহ্নিত করতে ব্যর্থ হন। যদিও সেখানে মরিচাধরা খেলাধুলার উপকরণ ও পার্কের বেঞ্চগুলোতে গর্ত ছিল।
এ ছাড়া বিভাগটি নতুন দুটি ফেরি ক্রয় দেখভালের দায়িত্বে ছিল। কিন্তু জুলাইয়ে দেখা যায়, ফেরি প্রতিস্থাপনের বাজেট আড়াই কোটি ডলার ধরা হলেও ক্রয় প্রাক্কলন দেখানো হয় ৯ কোটি ২০ লাখ ডলার।
বিভাগটির নতুন প্রধান নিয়োগের আলোচনার সঙ্গে তিনি সম্পৃক্ত কিনা জানতে চাইলে মেয়র অলিভিয়া চাউয়ের কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তার প্রস্থানের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডেটনও।

