
ফেডারেল পাবলিক সার্ভিসে কৃষ্ণাঙ্গ নির্বাহীদের প্রতিনিধিত্ব কম হওয়ার পরিপ্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ কর্মীদের ফ্রেঞ্চ শিখতে সহায়তার লক্ষ্যে ভাষা শিক্ষক নিয়োগ দিচ্ছে ট্রেজারি বোর্ড। ব্ল্যাকলক’স রিপোর্টার এমনটাই জানিয়েছে।
ট্রেজারি বোর্ডের তথ্য অনুযায়ী, ৭ হাজার ২০০ কোর পাবলিক সার্ভিস নির্বাহীর মধ্যে কৃষ্ণাঙ্গ মাত্র ১৬৮ জন। প্রতিনিধিত্বের বিচারে যাকে খুবই নগন্য বলে মন্তব্য করেছেন ট্রেজারি বোর্ডের মুখপাত্র মার্টিন পটভিন। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ কর্মীদের সামনে এগোনোর ক্ষেত্রে ভাষা প্রশিক্ষণকে একটি প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে কৃষ্ণাঙ্গ নির্বাহী কমিউনিটির প্রতিনিধিত্ব স্বল্প এবং ব্যবস্থাপনা পর্যায়ে যেতে হলে যেসব শর্তের প্রয়োজন পড়ে ভাষা প্রশিক্ষণ তার একটি।
এই টিউটর নিয়োগে সরকারের ব্যয়ের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে কৃষ্ণাঙ্গ কর্শীরা বিনামূল্যেই এই প্রশিক্ষণ নিতে পারবেন। এ ছাড়া যে রেকর্ড সংরক্ষিত আছে তাতে ফ্রেঞ্চ ভাষায় দক্ষতার পরীক্ষার জন্য কৃষ্ণাঙ্গ আবেদনকারীদের পাসের হারের বিষয়টিরও উল্লেখ নেই।
প্রধান মানবসম্পদ কর্মকর্তার দেওয়া এক নোটিশে বলা হয়েছে, অনেক কৃষ্ণাঙ্গ সরকারি চাকরিজীবী বলেছেন যে, ক্যারিয়র এগিয়ে নিতে দ্বিভাষা একটি প্রতিবন্ধক হিসেবে রয়ে গেছে। ভাষা প্রশিক্ষণে অসম প্রবেশাধিকার অন্যায্য ক্যারিয়ার উন্নয়নের সুযোগে ভূমিকা রাখছে।

