
জানুয়ারিতে মুল্যস্ফীতির হার সামান্য পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। স্ট্যাটিস্টিকস কানাডার ২০২৫ সালের প্রথম মাসের ভোক্তা মূল্য সূচক মঙ্গলবার প্রকাশ করার কথা।
গত বছরের ডিসেম্বরে কানাডার বার্ষিক মূল্যস্ফীতির হার ১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছিল। এর বড় কারণ ফেডারেল সরকারের বড়দিনের ছুটি উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক পণ্যের ওপর থেকে জিএসটি প্রত্যাহার। রেস্তোরাঁর খাবার ক্রয় এবং স্টোরগুলো থেকে অ্যালকোহল কেনা মূল্যস্ফীতি হ্রাসে বড় অবদান রেখেছে। উভয় ক্ষেত্রেই জিএসটি অব্যাহতির সুবিধা মিলেছে। ১৪ ডিসেম্বর জিএসটি অব্যাহতি কার্যকর হয়।
যদিও কর অব্যাহতি ব্যতিরেকে মূল্যস্ফীতির হার ১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারত বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগ পর্টার বলেন, বড় ঘটনা হলো মূল্যস্ফীতির হার ২ শতাংশের আশপাশে। এর কিছুটা বেশিও হতে পারে। এক বছর আগের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। দুই থেকে তিন বছর আগের কথা না হয় বাদই দিলাম। ওই সময় মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি ছিল।
আরবিসির সহকারী প্রধান অর্থনীতিবিদ নাথান ইয়ানজেনের প্রত্যাশা মূল্যস্ফীতি আবারও ১ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। এর কারণ মূল সাময়িক কর অব্যাহতি।
ডিসেম্বরে গ্রোসারির মূল্য পূর্ববর্তী মাসের চেয়ে কম ছিল। আর এক বছর আগের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। তবে গ্যাসের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
আবাসন ব্যয়ে মুল্যস্ফীতি কিছুটা বেড়েছে। যদিও ডিসেম্বরে কিছুটা কমে সাড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছিল। এ ছাড়া ভাড়া আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ।

