
কানাডিয়ান পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যদি বাণিজ্য যুদ্ধ শুরু করেন তাহলে পটাশকে এ থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আইওয়া থেকে নির্বাচিত একজন রিপাবলিকান সেনেটর। সব কানাডিয়ান এবং মেক্সিকান পণ্যের ওপর ট্রাম্প যদি শেষ পর্যন্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তাহলে সেনেটর চাক গ্র্যাসলির কৃষিনির্ভর রাজ্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
কৃষকদের উৎপাদন ব্যয় ২০ শতাংশ বেড়ে যাওয়ার কারণ হিসেবে বাইডেন প্রশাসনের অধীনে মূল্যস্ফীতিকে দায়ী করেন ৯১ বছর বয়সী এই রিপাবলিকান। সারের গুরুত্বপূর্ণ উপাদন কানাডিয়ান পটাশের ওপর যদি উচ্চ শুল্ক আরোপ করা হয় তাহলে যারা কৃষি উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য তা বিপর্যয় ডেকে আনবে।
দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে গ্র্যাসলি বলেন, উচ্চ উৎপাদন খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত কানাডিয়ান পটাশ ও অন্যান্য সারকে ২৫ শতাংশ শুল্কের বাইরে রেখে পারিবারিক খামারীদের রক্ষা করা।
আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন বলেছে, যুক্তরাষ্ট্রে পটাশের ৮০ শতাংশ আসে কানাডা থেকে। এর পর পটাশের সবচেয়ে বড় উৎপাদক রাশিয়া ও বেলারুশ।
বাণিজ্য যুদ্ধের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া মেইনবমের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার পর তার সাময়িক সমাধান হয়েছে। এই বাণিজ্য যুদ্ধ উভয়র দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে এবং মূল্যস্ফীতিকে উস্কে দেবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

