
সীমান্তে ফেন্টানাইল সংকট নিয়ে ট্রাম্পের ভুয়া দাবিকে অটোয়ার পাত্তা দেওয়া উচিত নয়। মঙ্গলবার ভারডান গ্রোসারি স্টোরে সাংবাদিকদের এমনটাই বলে ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিং।
যুক্তরাষ্ট্রে প্রস্তুত যেকোনো কিছু বর্জনের জন্য ক্রেতাদের উৎসাহিত করেন তিনি। জাগমিত সিং এ সময় চেজ রবিন গ্রোসারি স্টোর থেকে কুইবেক ও অন্যান্য কানাডিয়ান পণ্য বেছে নেন।
৩০ দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য সোমবার ট্রাম্প ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে শেষ মুহূর্তের আলোচনার পর এই মন্তব্য করলেন সিং। দুই নেতার সিদ্ধান্ত অনুযায়ী, কানাডা একজন ফেন্টানাইল জার নিয়োগ দেবে, মাদক চোরাচালান চক্রকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেবে এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্র যৌথ টাস্ক ফোর্স চালু করা হবে। সীমান্ত নিরাপত্তা জোরদারে এর আগে ফেডারেল সরকারের ১৩০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতির পরবর্তী পদক্ষেপ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাগমিত সিং বলেন, যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসা আগ্নেয়াস্ত্রের মতো অবৈধ সামগ্রীর বিরুদ্ধে আমাদের সীমান্ত সুরক্ষিত করা উচিত। সীমান্তের অন্য প্রান্তে ফেন্টানাইল প্রবেশের চেয়ে এদিকটাতেই আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানাইলের ১ শতাংশেরও কম কানাডা থেকে যায়।
তিনি বলেন, ট্রাম্পের দাবি মেনে নেওয়া শুল্কের হুমকি মোকাবিলায় ভুল পদ্ধতি।

