
অন্টারিওতে গত এক দশকে গর্ভকালীন ক্যানাবিসের ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়েছে। সিএইচইও রিসার্স ইনস্টিটিউটের বৈজ্ঞানিক ড. ড্যানিয়েল কোরসির গবেষণায় এমনটাই উঠে এসেছে।
এই বৃদ্ধি বেশি দেখা যাচ্ছে কম বয়সী মায়েদের মধ্যে। ২০২০-২০২১ সালে ১৯ বছরের কম বয়সী প্রায় এক-চতুর্থাংশ গর্ভবতী মা ক্যানাবিস ব্যবহার করতেন। পরের বছর এই হার সামান্য অর্থাৎ ১ শতাংশ হ্রাস পায়।
সার্বিকভাবে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত গর্ভবতী মায়েদের মধ্যে ক্যানাবিস ব্যবহার ২৫০ শতাংশ বেড়েছে। কম বয়সী মায়েদের মধ্যে গর্ভকালে ক্যানাবিসসহ অন্যান্য মাদক ব্যবহারের প্রবণতা দেখা যায় বলে গবেষণায় তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে কানাডায় যখন ক্যানাবিস বৈধ করে দেওয়া হয় তখন কম বয়সী মায়েদের মধ্যে ক্যানাবিস গ্রহণের হার ছিল অনেক বেশি। তবে সববয়সীদের মধ্যে বৃদ্ধির হারটা ছিল লক্ষ্যণীয়।
একই সময়ে গর্ভকালীন তামাক সেবনের হার কম ছিল এবং স্বল্প মাত্রায় অ্যালকোহল সেবনের হার স্থিতিশীল ছিল। গবেষকরা বলছেন, সম্প্রতি ক্যানাবিস বৈধ করে দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে এর গ্রহণযোগ্য বৃদ্ধি ক্যানাবিসের ঝুঁকি কম বলে এক ধরনের ধারণা তৈরি হয়ে থাকতে পারে। সেই সঙ্গে ব্যক্তিগতভাবে এর ব্যবহারের আগ্রহ বাড়তে পারে। গবেষকরা এও বলেছেন যে, কোভিড-১৯ কিছু বয়সশ্রেণির মানুষের মধ্যে ক্যানাবিসের ব্যবহার বাড়িয়েছে। গর্ভবতী নারীরাও রয়েছেন এর মধ্যে।
গর্ভকালীন ক্যানাবিস ব্যবহার মারাত্মক ফল বয়ে আনতে পারে। অপরিণত শিশু জন্ম ও জন্মহার হ্রাস এর মধ্যে অন্যতম। সেই সঙ্গে শিশুদের ওপর স্নায়ুতান্ত্রিক কিছু প্রভাবও রয়েছে। দ্য সোসাইটি অব অবসটেট্রিশিয়ান্স অ্যান্ড গাইনিকোলজি অব কানাডা (এসওজিসি) গর্ভকালে ক্যানাবিস ব্যবহার একদমই না করার পরামর্শ দিয়েছে।

