
বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস রচিত গুরুত্বপূর্ণ বই ‘কানাডার সাহিত্য’ প্রকাশিত হয়েছে বর্তমানে চলমান কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায়। টরন্টো পোয়েট লরিয়েট অ্যান মাইকেলসকে উৎসর্গ করা ৩৩০ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে ভারতের বহুভাষী অগ্রণী প্রকাশনা প্রতিষ্ঠান ভিরাসত আর্ট পাবলিকেশনস।
বইয়ের প্রচ্ছদ পরিকল্পনা করেছেন প্রকাশক পার্থপ্রতিম রায় নিজেই। প্রকাশক তাঁর ভূমিকায় লিখেছেন, “এর আগে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া বা দক্ষিণ আমেরিকার সাহিত্য নিয়ে আমরা অনেকটাই চর্চার অবকাশ পেয়েছি, কিন্তু কানাডার সাহিত্য নিয়ে খুব একটা মূল্যায়নের সুযোগ আমাদের হয়নি। কানাডা প্রবাসী গবেষক ও সাহিত্যিক সুব্রত
কুমার দাস এবার আমাদের সেই সুযোগ করে দিলেন এই বইয়ের মাধ্যমে। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।“
বইটিতে কানাডার যে সকল সাহিত্যিককে নিয়ে আলাদা আলাদা প্রবন্ধ রয়েছে তাঁরা হলেন সুজানা মোডি, স্টিফেন লেকক, এমিলি কার, জন ম্যাকক্রে, রবার্ট সার্ভিস, লুসি মড মন্টগোমারি, মাজো ডি লা রচ, হিউ ম্যাকলেনান, গ্যাব্রিয়েল রয়, ডরোথি লিভসে, আর্ভিং লেইটন, পিকে পেইজ, আল পার্ডি, মিল্টন অ্যাকর্ন, ফিলিস ওয়েব, লিওনার্দ কোহেন, ক্যারল শীল্ডস, প্যাট লোথার, জর্জ বাওয়ারিং, শিলা ফিচম্যান, মার্গারেট অ্যাটউড, বিল বিসেট, ডেভিড জনস্টন, গুয়েনডলিন ম্যাকইওয়ান, ম্যাট কোহেন, হ্যারল্ড সনি লাডো, শার্লট গ্রে, ভেন বেগামুদ্রে, ইয়ান মার্টেল, ক্যাথি অসলার ও টিমা কুর্দি।
বইয়ের শুরুতে প্রাককথন ও কানাডীয় সাহিত্য: একটি ভূমিকা ছাড়াও যে তিনটি প্রবন্ধ রয়েছে সেগুলো হলো কানাডার কবিতা: অতীত অনুসন্ধান, কানাডীয় সাহিত্যে বিশ্বসাহিত্যের স্বাদ, এবং প্রসঙ্গ: ক্যানলিট। বইয়ের শেষে কানাডার সাহিত্য নিয়ে লেখক সুব্রত কুমার দাসের দীর্ঘ এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন হ্যালিফ্যাক্সের তরুণ লেখক অতনু দাশ গুপ্ত।
সাক্ষাৎকারে লেখক ডব্লিও ও মিচেল, মরডেকাই রিচলার, এলিস মানরো, প্যাট্রিক লেইন, অস্টিন ক্লার্ক, মাইকেল ওনডাডজী, ডিয়োন ব্রান্ড, অ্যান মাইকেলস, জর্জ ইলিয়ট ক্লার্ক, রোজমেরি সালিভান, পল ই, এসি এডুগন প্রমূখ কানাডীয় লেখকদের উপরে আলোকপাত করেছেন। বিখ্যাত গদ্যলেখক নোহ রিচলার, নিক মাউন্ট, আলবার্তো ম্যাঙ্গুয়েলের বই নিয়েও পর্যালোচনা করেছেন সুব্রত। কানাডার বিভিন্ন সাহিত্য পুরস্কার যেমন গিলার পুরস্কার, গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার, রাইটার্স ট্রাস্ট পুরস্কার প্রভৃতি নিয়েও কথা বলেছেন লেখক। কানাডার কোন কোন সাহিত্যিক কোন কোন সালে বুকার পুরস্কার পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন সেটি নিয়েও আলাপ করেছেন লেখক। গভর্নর জেনারেলের দপ্তর থেকে যে অর্ডার অব কানাডা পদক দেওয়া হয়, যার মধ্যে লেখকেরাও অন্তর্ভুক্ত হন, তা নিয়েও কথা বলেছেন সুব্রত। কানাডার লেখক ও বইকে ছড়িয়ে দেবার মানসে প্রতিষ্ঠিত বুকমার্ক কানাডা প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলাপ করেছেন সুব্রত।

