
হ্যামিল্টন পুলিশ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৬ লাখ ডলারের বেশি। একটি আনকাস্টার হোম ও বার্লিংটনের গ্রামীণ একটি বাড়িতে তল্লাশি করে এই মাদক জব্দ করে পুলিশ। হ্যামিল্টন পুলিশের মেজর ড্রাগস অ্যান্ড গ্যাং ইউনিটের তদন্তের পর ওই তল্লাশি চালানো হয়।
পুলিশ বলেছে, এক কিলোগ্রাম কোকেইন ও সাত কিলোগ্রাম এমডিএমএ জব্দ করা হয়েছে অভিযানে। পাশাপাশি আড়াই হাজার পিস অক্সিকোডোন পিল, ৩৩ কিলোগ্রাম প্রক্রিয়াজাত ক্যানাবিস এবং ২৫০ গ্রাম সাইলোসিবিনও জব্দ করা হয়েছে ওই তল্লাশিতে।
পাশাপাশি পুলিশ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি নিষিদ্ধ হ্যান্ডগান ও একটি কন্ডাক্টেড অ্যানার্জি ওয়েপন। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ২ লাখ ডলার নগদ অর্থ। আরও পাঁচটি হ্যান্ডগান কর্মকর্তারা নিয়ে গেছেন এবং এগুলো নিষিদ্ধ কিনা সে ব্যাপারে শুনানি হবে।
জব্দকৃত মাদকের মোট মূল্য আনুমানিক ৬ লাখ ৩২ হাজার ৬৮৫ ডলার।
হ্যামিল্টন পুলিশের প্রধান ফ্রাঙ্ক বার্জেন নতুন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের নগরীতে অস্ত্র সহিংসতা ও মাদক পাচার বন্ধ করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এগুলো আমাদের নেবারহুডের নিরাপত্তার জন্য হুমকি। এসব অপরাধী যেনো রাস্তায় না থাকতে পারে তা নিশ্চিত করার ব্যাপারে তৎপর আমাদের সদস্যরা। প্রত্যেকের জন্য হ্যামিল্টনকে নিরাপদ স্থান করে তুলতে কাজ অব্যাহত রয়েছে।
পুলিশ বলেছে, তদন্তের অংশ হিসেবে পুলিশ আনকাস্টারের বাসিন্দা ৩৪ বছর বয়সী নিকোলাস ডেশেনেসকে গ্রেপ্তার করেছে এবং মাদক ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ১০টি অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগে ৩১ বছর বয়সী বার্লিংটনের এক বাসিন্দাকেও খুঁজছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

