
গত ১৫ সেপ্টেম্বর, ৩৪৫০ ড্যানফোর্থ এভিনিউতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান, ‘টরন্টো বাংলা ফ্যাশন হাউজ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রতিষ্ঠানটির কর্ণধার, সাবিনা শারমিন বলেন, ঐতিহ্যকে আধুনিকায়নের প্রচেষ্টাতেই তাঁর এই উদ্যোগ, এই প্রতিষ্ঠানের শুভযাত্রা। এখানে উল্লেখ্য যে, গত প্রায় দু’বছর ধরে প্রতিষ্ঠানটি তিনি অনানুষ্ঠানিকভাবে চালিয়ে গেলেও নানান ইভেন্ট, যেমন কনসার্ট আর মেলাগুলোতে এই প্রতিষ্ঠানের সামগ্রী বেশ গ্রাহকপ্রিয়তা পেয়েছে। আর সেকারণেই এবারে শোরুম উদ্বোধন করে এর আনুষ্ঠানিক শুভযাত্রা শুরু হয়।
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি পুরো আয়োজনটি ধারণ করে। সঞ্চালনা করেন লেখিকা ও উপস্থাপিকা তাসমিনা খান। অনুষ্ঠানটিকে বর্ণিল করে তুলতে স্থানীয় সকল ব্যবসায়ীরা উপস্থিত হয়ে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন। সবশেষে কেক কেটে এর উদ্বোধনে সামিল হন তাঁরা।
প্রতিষ্ঠানটির কর্মীরা একে একে শুভেচ্ছাবার্তা প্রদানসহ তুলে ধরেন একে ঘিরে তাঁদের যত জল্পনা কল্পনা আর বাস্তব অভিজ্ঞতার চিত্র। তাঁরা প্রায় প্রত্যেকেই এর সূচনালগ্ন থেকেই এর সাথে জড়িত আছেন বলে জানান। টরন্টো বাংলা ফ্যাশন হাউজের অপারেশনাল ম্যানেজার, রুমানা খান বলেন, ‘গুণগত মান বজিয়ে রেখে টরন্টো বাংলা ফ্যাশন হাউজ এগিয়ে চলেছে সকলের আস্থা নিয়ে’; এর সাথে সংযোগ সাধন করে অপর অপারেশনাল ম্যানেজার সুমন বলেন, ‘তাঁরা
সার্বক্ষণিকভাবে ক্রেতাদের সেবা প্রদান করে আসছেন নিরলসভাবে অনলাইন আর অফলাইনে।‘
প্রতিষ্ঠানটির নানান পণ্য সামগ্রীর মাঝে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে মসলীনের উপর করা হ্যান্ডপেইন্টের শাড়ি, সফট সিল্কের উপর নকশিকাঁথার শাড়ি, জামদানি সহ আরও নানান বর্ণিল এবং ঐতিহ্যবাহী শাড়িগুলো। এছাড়াও তাঁদের সংগ্রহে রয়েছে পার্টি সিল্ক শাড়ি, কাটওয়ার্ক সিল্ক শাড়ি, নারীদের রেডিমেইড স্যুট, সেলওয়ার কামিজ, ছেলেদের পাঞ্জাবি পায়জামা। তাঁদের সংগ্রহকে আরও সমৃদ্ধ করেছে নানান রকমের অরিজিনাল স্টোনের গহনা, এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল আর ফিটিংসের পেটিকোট, ব্লাউজ। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার আরও প্রশংসাবানী কুড়িয়েছেন তাঁর সংগ্রহে রাখা ক্যামিকেলমুক্ত হারবাল প্রসাধনীর জন্য। দুপুর তিনটে থেকে শুরু করে রাত নয়টা অবধি প্রদর্শনী উন্মুক্ত রাখা হয় গ্রাহকদের জন্য আর অজস্র ক্রেতা উপস্থিত হয়ে কেনাকাটা সেরে আনন্দচিত্তে বাড়ি ফেরেন প্রতিষ্ঠানটির দীর্ঘ আর সফল যাত্রা কামনা করে।

