
গত মাসে অন্টারিওর লন্ডন থেকে টরন্টো ভ্রমণ করিছেলেন এক নারী। ৭ ডলারের ট্যাক্সি ভাড়া পরিশোধ করতে গিয়ে ৭ হাজার ৫০০ ডলার খোয়াতে বসেছিলেন। সিটিভি নিউজ টরন্টোকে লাঅ্যানিবুকেমিন বলেন, এটা ছিল ভয়াবহ। এটা ছিল ভয়ঙ্কর। ভবিষ্যতে আমি আর ট্যাক্সি ভাড়া করব কিনা সেটা আমাকে ভাবিয়ে তুলছে।
বুকেমিন বলেন, টিনা টারনাল মিউজিক্যাল শো দেখতে বন্ধুদের সঙ্গে গত মাসে তিনি টরন্টো ভ্রমণ করছিলেন। রাত ১১টায় শো শেষ হওয়ার পর ইউনিয়ন স্টেশনে যাওয়ার জন্য একটি ট্যাক্সি খুঁজছিলেন তিনি। এ সময় কালো রংয়ের একটি সেডান সেখানে পার্ক করে এবং উপরে ট্যাক্সি লেখা ছিল। সংক্ষিপ্ত এই রাইড শেষে ভাড়া পরিশোধ করতে চাইলে চালক নগদ অর্থ নিতে অস্বীকৃতি জানান। ভাড়া আসে মাত্র ৭ ডলার এবং আমি তাকে ১০ ডলার দেই। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেন, নগদ অর্থ নয়, ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধ করুন।
অনিচ্ছা সত্ত্বেও ডেবিট কার্ডের সাহায্যে তিনি ভাড়া পরিশোধ করেন এবং মনে করেন সবকিছু ঠিক আছে। কিন্তু পরের দিন তিনি যখন তার কার্ড আবার ব্যবহার করতে যান তখন তার অ্যাকাউন্টে একাধিক জালিয়াতপূর্ণ চার্জ দেখতে পান, যার মোট পরিমাণ ৭ হাজার ৪৮৫ ডলার।
বুকেমিন বলেন, আমি চাইব ব্যাংক কর্তৃপক্ষ এই জালিয়াতির বিষয়টিতে গুরুত্ব দেবে। কারণ, এটা ট্যাক্সি স্ক্যাম এবং আমরা এর শিকার হচ্ছি।
দ্য কানাডিয়ান ট্যাক্সি আসোসিয়েশন (সিটিএ) বলেছে, ট্যাক্সি স্ক্যাম বেড়ে গেছে এবং এর জন্য অংশত দায়ী অ্যামাজনের মতো ওয়েবসাইটে জেনেরিক ট্যাক্সি সাইন বিক্রি করা।
সিটিএর প্রেসিডেন্ট মার্ক আন্দ্রে ওয়ে বলেন, যে কেউ তাদের ব্যক্তিগত গাড়িকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করতে এবং ট্যাক্সি চালকের ভেক ধরতে পারেন। কোনো ট্যাক্সি চালক যখন নগদ অর্থ নিতে অস্বীকৃতি জানাবেন তখন ধরেই নিতে হবে যে, সেখানে স্ক্যাম আছে। ট্যাক্সি চালকরা নগদ অর্থ চান এবং গ্রহণ করেন এবং সারাদিন তারা নগদ অর্থ পেতেই বেশি পছন্দ করেন। অ্যামাজনের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং এ ধরনের ট্যাক্সি সাইন বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছি। কিন্তু অ্যামাজন বলেছে, এগুলো বিক্রি করা বৈধ।
ওয়ে বলেন, আপনি যখন ট্যাক্সি খুঁজবেন তখন ব্র্যান্ডিং খুঁজবেন। গাড়ির পেছনের প্লেটটা দেখবেন।
তবে বুকেমিন তার খোয়া যাওয়া অর্থ ফেরত পাবেন বলে সিটিভি নিউজ টরন্টোকে নিশ্চিত করেছেন ব্যাংক অব মন্ট্রিয়লের একজন মুখপাত্র।

