
মিল্টনের একটি চপ শপ থেকে এক ডজন চোরাই গাড়ি জব্দ করেছে হল্টন রিজিয়নাল পুলিশ সার্ভিস। সেই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকেও গ্রেপ্তারও করেছে পুলিশ।
গত ১১ জুলাই পিল রিজিয়নের মিল্টনের একটি গ্রামীণ এলাকা থেকে একটি চোরাই গাড়ি শনাক্ত করে কর্তৃপক্ষগুলো। এরপর বাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, চুরি করা ১২টি গাড়ির যন্ত্রাংশ খুলে ফেলা হয়, যেগুলো পরে উদ্ধার করে পুলিশ।
তদন্তকারীদের মতে, গ্রেপ্তার তিন অভিযুক্ত হলেন ব্র্যাম্পটনের বাসিন্দা ২৫ বছর বয়সী হায়দার আমির খান, মিসিসোগার শেহরোজ নাদিম এবং গ্রিমস্বির ২৪ বছর বয়সী জাকারান সিং।
প্রত্যেকের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত ৫ হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ কাছে রাখার ১২ কাউন্ট অভিযোগ আনা হয়েছে। তবে খানের বিরুদ্ধে গ্রেপ্তারের আগেও একই ধরনের অভিযোগ ছিল। প্রত্যেকেই জামিনে মুক্তি পেয়েছেন এবং ২৬ আগস্ট তাদেরকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
চপ শপ সেইসব স্থান যেখানে চোরাই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করা হয়। এসব কাজ অবৈধ এবং সঠিক অনুমোদন ছাড়াই কাজগুলো চলে।

