
টরন্টো ট্রানজিট রাইডাররা অনেকদিন ধরেই তাদের ওয়ালেটের আকার ছোট করতে চাইছেন। প্রেস্টো কার্ড সিস্টেমে দীর্ঘ প্রতীক্ষিত ফিচারের মাধ্যমে তাদের সেই চাওয়া অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা তাদের অ্যাপল ওয়ালেটে ভার্চুয়াল প্রেস্টো কার্ড যুক্ত করতে পাচ্ছেন, যা তাদেরকে ফিজিক্যাল কার্ড থেকে মুক্তি দেবে। প্রেস্টো অ্যাপ অথবা সরাসরি অ্যাপল ওয়ালেটে প্রেস্টো কার্ডে তহবিল যোগ করা যাবে।
ওয়ালেটের এই প্রেস্টো গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়াতে (জিটিএইচএ) ব্যবহার করা যাবে। বর্তমানে এটা অটোয়াতে কাজ করে না। এজন্য আইফোন ৮ অথবা পরের সিরিজ অথবা আইফোন এসই থাকতে হবে। ওয়ালেটের প্রেস্টো অ্যাপল ওয়াচ সিরিজ ফোর অথবা পরের সিরিজেও কাজ করবে।
আইফোন ব্যবহারকারীরা যদি এক্সপ্রেস মোড চালু রাখেন তাহলে তারা ফেইস আইডি বা পাসকোড দিয়ে আনলক না করেই তাদের ফোন অথবা ওয়াচ প্রেস্টো রিডারে ট্যাপ করে অর্থ পরিশোধ করতে পারবেন। ডিভাইসের যখন চার্জের প্রয়োজন তখনও কয়েক ঘণ্টা ফিচারটি কাজ করবে।
অ্যাপল পে এবং অ্যাপল ওয়ালেটে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট জেনিফার বেইলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, অ্যাপল ওয়ালেটে প্রেস্টো নিয়ে আসতে পেরে আমরা উৎফুল্ল, যার ফলে জিটিএইচএর বাসিন্দা ও ভ্রমণকারীরা ট্রানজিটে চড়তে নিরাপদে ও নির্বিঘেœ তাদের আইফোন অথবা অ্যাপল ওয়াচ ব্যবহার করতে পারবেন। তারা কাজের জন্য ভ্রমণ করুক বা সিটি ঘুরে দেখুক অ্যাপল ওয়ালেটের প্রেস্টো কার্ড তাদের ট্রানজিট অভিজ্ঞতাকে সহজ ও স্বস্তিদায়ক করবে।
অন্টারিওর পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়াও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, কানাডায় এটা প্রথম, যা ট্রানজিট ব্যবহারকারীদের রিয়েল-টাইম হালনাগাদ, তাৎক্ষণিক রিলোড এবং সহজ ট্যাপের মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ করে দেবে। উদ্যোগটি এসেছে অন্টারিওর ওয়ান ফেয়ার প্রোগ্রামের ওপর ভিত্তি করে। গত ফেব্রুয়ারিতে চালু করা এই কর্মসূচিতে এক কোটি ২০ লাখ তহবিল স্থানান্তর হয়েছে, যা রাইডারদের এ বছর ৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি সাশ্রয় করেছে।

