
অনেক নতুন কানাডিয়ানের কাছেই উন্নত জীবনের জন্য কানাডায় আগমন এখন আর বাস্তবতা নয়। অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। তাতে দেখা গেছে, সাশ্রয়ী আবাসনের ঘাটতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে অভিবাসীরা তার বসবাসের বর্তমান অবস্থান ছেড়ে যাওয়ার কথা ভাবছেন।
সমীক্ষায় দেখা গেছে, আবাসনের অপ্রাপ্যতার কারণে ২৮ শতাংশ কানাডিয়ান তাদের প্রদেশ ছেড়ে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এক দশকের কম সময় ধরে যারা কানাডায় বসবাস করছেন তাদের মধ্যে এ হার ৩৯ শতাংশ।
সমীক্ষায় নতুন অভিবাসী বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা দশ বছর বা তার কম সময় ধরে কানাডায় বসবাস করছেন।
উচ্চ সুদের হারের কারণে সম্প্রতি আবাসন বাজারে খানিকটা শৈথিল্য আসা সত্ত্বেও সমীক্ষায় অংশ নেওয়া কিছু কানাডিয়ান তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সুদের হার হ্রাস পেলে বাজার আবার চড়া হবে।
আবাসনের পাশাপাশি আরও কিছু কারণও আছে যেগুলো লোকজনকে নিজ প্রদেশ ছাড়তে উৎসাহিত করছে। কেউ কেউ বলেছেন, তারা আারও উন্নত জীবন চান। সার্বিক জীবনযাত্রার ব্যয় অত্যধিক উচ্চ এবং তারা উন্নত স্বাস্থ্যসেবা চাওয়ার পাশাপাশি চরম আবহাওয়া এড়িয়ে চলতে চান।
যারা প্রদেশ ছাড়ার কথা ভাবছেন তাদের অনেকেই বলেছেন, তারা অন্য প্রদেশে চলে যাবেন অথবা পুরোপুরি দেশ ছাড়বেন।
১৪ থেকে ২০ জুন প্রাপ্ত বয়স্ক ৪ হাজার ২০০ মানুষের ওপর সমীক্ষাটি পরিচালনা করে অ্যাঙ্গাস রিড।

