
রোজডেল হেরিটেজ বাড়ির বাইরের দিকে রঙ করার অনুমতি পেতে লবিস্ট নিয়োগ দিয়েছেন ফিগার স্কেটার টেসা ভার্চু এবং টরন্টো ম্যাপল লিফ মর্গান রিলি। সিটি কর্মীদের আপত্তি সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছেন তারা।
টরন্টোর লবিস্ট রেজিস্ট্রি অনুযায়ী, রব ফোর্ডের সাবেক চিফ অব স্টাফ আমির রেমতুল্লা এই দম্পতির পক্ষে কাজ করছেন। বিষয়টি ২০২২ সালে ৬৪ লাখ ডলার মূল্য দিয়ে কেনা একটি হেরিটেজ বাড়ি রঙ করার আবেদন সংক্রান্ত।
সিটি কর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির মালিকরা দুই তলাবিশিষ্ট ইটের বাড়ির উভয় পাশেই লাইমওয়াশ হোয়াইট পেইন্ট কনতে চান। রঙচটা, রঙের ভিন্নতা, টেক্সার এবং অসামঞ্জস্যপূর্ণ ইট, মেরামতের কারণে সৃষ্ট খারাপ অবস্থা ঢাকতেই এই উদ্যোগ।
কিন্তু নর্থ রোজডেল হেরিটেজ কনজার্ভেশন ডিস্ট্রিক্টে (এনআরএইচসিডি) অবস্থিত ১৯১২ সালে নির্মিত বাড়িটির বাইরের অংশে কোনো পরিবর্তন আনতে চাইলে অনুমোদন থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে বাড়িটির অনুকূলে একটি বিল্ডিং পারমিট ইস্যু করা হয়, যাতে করে মালিকরা একতলার বাড়তি একটি অংশ ও ডিটাচড পার্কিং প্যারেজ নির্মাণ করতে পারেন।
কয়েক মাস পর সেপ্টেম্বরে সংশোধিত বিল্ডিং পারমিট ইস্যু করা হয় এবং কর্মীরা বলেন, ওই সময়ের হালনাগাদ ড্রয়িংয়ে ইট রঙ করার কথাও বলা হয়। যখন পারমিট অনুমোদন দেওয়া হয় তখন হেরিটেজ প্ল্যানিং স্টাফরা বিষয়টিতে অবগত ছিলেন না।
কর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটি পরিদর্শনের পর হেরিটেজ প্ল্যানিং স্টাফ দেখেন যে, বাড়িটির পশ্চিম দিকের অংশে রঙ করা শুরু হয়েছে। বাড়ির মালিকদের কাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয় এবং অন্টারিও হেরিটেজ অ্যাক্টের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার অনুরোধ জানানো হয়।

