
ইন্ডিগো বুকস অ্যান্ড মিউজিক ইনকর্পোরেশনের আউটস্ট্যান্ডিং সব শেয়ার ট্রিলজি ইনভেস্টমেন্টস এলপি কিনে নিয়েছে বলে জানিয়েছে রিটেইলার চেইনটি। টরন্টোভিত্তিক বই বিক্রেতা প্রতিষ্ঠানটি বলেছে, শেয়ার বিক্রির মধ্য দিয়ে জেরাল্ড শোয়ার্টজের মালিকানাধীন প্রাইভেট হোল্ডিং কোম্পানিটির সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়েছে। শোয়ার্টজ ইন্ডিগোর প্রতিষ্ঠাতা হিদার রেইজম্যানের স্বামী।
এই চুক্তির ফলে টরন্টো স্টক এক্সচেঞ্জ থেকে ইন্ডিগোর শেয়ার তালিকচ্যুত হবে এবং খুচরা বিক্রয় প্রতিষ্ঠানটি পাবলিক রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে।
প্রতি শেয়ার ২ দশমিক ৫০ ডলারে লেনদের প্রস্তাবের পক্ষে শেয়ারহোল্ডাররা ভোট দেওয়ার পর চুক্তিটি সম্পন্ন হলো। ট্রিলজি প্রথমে শেয়ারপ্রতি ২ দশমিক ২৫ ডলার দর প্রস্তাব করেছিল। কিন্তু এপ্রিলে দর বাড়ায় তারা।
গত বছর থেকে ইন্ডিগো ব্যবসায় ঘুরে দাঁড়াতে কাজ করছে। ওই সময় কোম্পানিটি নেতৃত্বে পরিবর্তন আনে। সেই সঙ্গে সাইবার হামলার শিকার হয়, যার ফলে একটা লম্বা সময় পর্যন্ত তাদের ওয়েবসাইট ডাউন ছিল।

