
টরন্টো থেকে দীর্ঘদিনের সংসদ সদস্য ও সাবেক লিবারেল মন্ত্রী জিম পিটারসন ৮২ বছর বয়সে মারা গেছেন। সাবেক অন্টারিওর প্রিমিয়ার ডেভিড পিটারসন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার ভাইয়ের ১০ মে তার ফার্মে হার্ট অ্যাটাক হয়।
ডেভিড পিটারসন তার ভাইকে একজন উদার, সম্মানীত ও করিৎকর্মা ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। কঠিন এই ক্ষতির মধ্যেও তার স্ত্রী শক্ত আছেন বলেও জানিয়েছেন ডেভিড পিটারসন।
পিটারসন তার ২৩ বছরের সংসদীয় জীবনে উইলোডেলের টরন্টো রাইডিংয়ের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম মেয়াদ শুরু হয় ১৯৮০ সালে। সেটা ছিল এক মেয়াদের। এরপর ১৯৮৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ছয়বার রাইডিংটির প্রতিনিধিত্ব করেন জিম পিটারসন।
এক সময়ের আইনজীবী পিটারসন সাবেক প্রধানমন্ত্রী পল মার্টিনের অধীনে আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
কানাডার অর্থনৈতিক উন্নতিতে অবদানের জন্য পিটারসনের প্রশংসা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তার অভাব আমরা খুব অনুভব করব। অধিক অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ কানাডা গড়তে তার নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে।

