
স্বাস্থ্যখাতে নতুন করে বড় অঙ্কের অর্থ ঢালছে অন্টারিও। প্রদেশের আসন্ন অর্থবছরের বাজেটে এমনটাই জানা গেছে।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, হোম কেয়ার সেবায় আগামী তিন বছরে তারা ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিসর বাড়াতে কয়েক শ মিলিয়ন ডলার এবং হাসপাতালগুলোতে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে।
অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি ২৬ মার্চ প্রকাশিত বাজেটে বলেছেন, অন্টারিওবাসী বর্তমানে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে আমাদের ওপর নির্ভরতা অব্যাহত রেখেছেন।
হোম ও কমিউনিটি কেয়ার সংস্কারের অংশ হিসেবে এর আগে প্রদেশের পক্ষ থেকে আগামী তিন বছরের জন্য ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বেথলেনফালভি বলেন, হোম কেয়ার বাবদ নতুন এই অর্থ নার্স, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার এবং সম্মুখসারির অন্যান্য কেয়ার গিভারদের বর্ধিত বেতন বাবদ ব্যয় করা হবে। এই অর্থের বড় অংশ চলে যাবে স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি, নিয়োগ ও তাদের ধরে রাখার পেছনে, যাতে করে যেসব মানুষের প্রয়োজন তাদেরকে কাক্সিক্ষত সেবাটি তারা দিতে পারে।
হোম কেয়ার এজেন্সিগুলো নার্স ও সাপোর্ট ওয়ার্কারদের নিয়োগ ও তাদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে। কারণ, হাসপাতাল ও লং-টার্ম কেয়ার হোমগুলোতে একই পেশায় বেতন অনেক বেশি। প্রায় ২৮ হাজার স্বাস্থ্যসেবা কর্মীর প্রতিনিধিত্বকারী সংস্থা হোম কেয়ার অন্টারিও নতুন এই তহবিলের প্রশংসা করেছে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সু ভ্যান্ডারবেন্ট বলেন, প্রদেশের হোম কেয়ার ব্যবস্থায় আজকের ঐতিহাসিক এই বিনিয়োগ জ্যেষ্ঠ অন্টারিওবাসীর জন্য বড় খবর। দ্রুত বর্ধনশীল বয়স্ক লোকেদের কাছ থেকে আমাদের স্বাস্থ্যসেবা চাহিদা বাড়ছে এবং বর্ধিত এই তহবিল বাড়িতে যাদের স্বাস্থ্যসেবার প্রয়োজন আছে এ ধরনের আরও বেশি সংখ্যক অন্টারিওবাসীর জন্য তা প্রাপ্তি নিশ্চিতে সহায়ক হবে।
একই সঙ্গে প্রাইমারি কেয়ার টিমও সম্প্রসারণ করছে প্রদেশ। গত মাসে সরকার বলেছিল, তিন লাখ অন্টারিওবাসীকে প্রাইমারি কেয়ার টিমের সঙ্গে সংযুক্তিতে সহায়তা করতে আসন্ন বছরে ১১ কোটি ডলার ব্যয় করা হবে। এই টিমে রয়েছে চিকিৎসক, নার্স প্র্যাক্টিশনার, রেজিস্টার্ড ও প্র্যাক্টিক্যাল নার্স, ফিজিওথেরাপিস্ট, সামাজিক কর্মী এবং ডায়েটিশিয়ান।

