
মুভি থিয়েটার কোম্পানি সিনেপ্লেক্স ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলিস জ্যাকব আগামী বছরের শেষে অবসরে যাচ্ছেন বলে জানিয়েছে কোম্পানিটি। সিনেপ্লেক্স পর্ষদের চেয়ারম্যান ফিলিস ইয়াফি গত চার দশকে কোম্পানিটিকে গড়ে তুলতে জ্যাকবের কাজের প্রশংসা করেছেন।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তবর্তী সময়ের জন্য জ্যাকব সিনেপ্লেক্সের নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং নতুন নেতৃত্বে উত্তরণে সহায়তা করবেন।
ইয়াফি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এলিস আমাদের শিল্পের বিরাট ব্যক্তিত্ব। বহু বছল ধরে তার সঙ্গে পাশাপাশি থেকে কাজ করতে পারাটা বিশেষ সুযোগ এবং রূপান্তরকালীন পুরো সময়ে আমরা তার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি।
২০০৩ সালে লোজ সিনেপ্লেক্স এন্টারটেনিমেন্ট এবং গ্যালাক্সি এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেশনের কানাডার ব্যবসা একীবভূত হওয়ার সময় সিনেপ্লেক্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান জ্যাকব। তার আগে তিনি গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির তিনি সহ-প্রতিষ্ঠাতা।
কানাডাজুড়ে সিনেপ্লেক্সের রয়েছে ১৭০টির বেশি থিয়েটার ও এন্টারটেইনমেন্ট ভেন্যু। একই সঙ্গে কোম্পানিটি দীর্ঘদিন ধরে তাদের রেকরুম আর্কেড এবং ডাইনিং ভেন্যু পরিচালনা করে আসছে।
এক বিবৃতিতে জ্যাকব বলেছেন, সুচিন্তিত বিবেচনার পর পরবর্তী অধ্যায়কে আমি স্বাগত জানাচ্ছি। কয়েক দশক ধরে আমার মনোযোগের কেন্দ্রে ছিল সিনেপ্লেক্সকে কানাডার একটি সনামধন্য কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং কানাডিয়ান মুভি ফ্যানদের জন্য আমরা যেটা গড়ে তুলতে পেরেছি সেজন্য আমি গর্বিত। এই রূপান্তরকালীন সময়ে পর্ষদ এবং সিনেপ্লেক্সের মেধাবী টিমের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে সিনেপ্লেক্সের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমার কোনো সংশয় নেই।

