
কানাডায় বসবাসরত নাগরিকদের জন্য কী ধরনের সরকারি ও বেসরকারি সহায়তা রয়েছে—তা তুলে ধরল কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (CCIK)। গত ৩০ জুন, সোমবার টরন্টোর ড্যানফোর্থস্থ BIES অফিসে আয়োজিত এই বিশেষ সেশনে দক্ষিণ এশীয় কমিউনিটির প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, এবং মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংগঠনের কমিউনিটি ওয়ার্কার সাদমিম সোহানা। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিনিয়রদের জন্য প্রযোজ্য বিভিন্ন সরকারি প্রোগ্রাম ও কমিউনিটি সেবা সম্পর্কে সহজ ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেন।
সেশনে অংশগ্রহণকারীরা ফেডারেল পর্যায়ের গুরুত্বপূর্ণ সুবিধা যেমন—ওল্ড এজ সিকিউরিটি (OAS), কানাডা পেনশন প্ল্যান (CPP), গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্ট (GIS), এবং বিভিন্ন ট্যাক্স ক্রেডিট, এজ অ্যামাউন্ট, পেনশন ইনকাম অ্যামাউন্ট, হোম অ্যাক্সেসিবিলিটি ট্যাক্স ক্রেডিট (HATC) এবং ডিসএবিলিটি ট্যাক্স ক্রেডিট (DTC) সম্পর্কে জানতে পারেন । এছাড়াও আলোচনায় উঠে আসে অন্টারিও প্রাদেশিক প্রোগ্রাম যেমন: অন্টারিও ড্রাগ বেনিফিট, সিনিয়রস ডেন্টাল কেয়ার প্রোগ্রাম, অ্যাসিস্টিভ ডিভাইস প্রোগ্রাম, গ্যারান্টিড অ্যানুয়াল ইনকাম সিস্টেম (GAINS) এবং বিভিন্ন কমিউনিটি সাপোর্ট সার্ভিস। বিশেষভাবে আলোচিত হয় আফোর্ডেবল হাউজিং ও নন-প্রফিট হাউজিং সংক্রান্ত সুযোগ-সুবিধাও।
কানাডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন বলেন, “এই সেশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের সিনিয়রদের জন্য কী কী সহায়তা রয়েছে এবং কীভাবে সেগুলো সহজে পাওয়া যায় তা স্পষ্টভাবে জানানো—কারণ বয়স্ক নাগরিকরা আমাদের সমাজের দীর্ঘদিনের অবদানকারী। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (CCIK) সিনিয়রদের সম্মান, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন নিশ্চিত করতে ও প্রাসঙ্গিক তথ্য ও সেবার সঙ্গে সংযুক্ত রাখতে অটুট প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে।

