
কানাডায় ডজনখানেক দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ায় সেখানকার বায়ুমানের অবনতি ঘটেছে। জোরালো বাতাস কানাডায় দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়া যুক্তরাষ্ট্রের দিকে বয়ে নিয়ে যাচ্ছে।
মিনেসোটার অ্যারোহেডের বাতাস মানুষ ও দূষণ সংবেদনশীল প্রাণীদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হচ্ছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির এয়ারনাউ পেজ এমনটাই জানিয়েছে।
উত্তর মিনেসোটা, উত্তর উইসকন্সিন, শিকাগো এরিয়া, দক্ষিণ-পশ্চিম মিশিগান এবং ইস্টার্ন আপার পেনিনসুলা, উত্তর ইন্ডিয়ান এবং পশ্চিম ওহাইয়োর বাতাসও কিছুটা দূষিত হয়েছে। মিনেসোটার ডালুথের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ প্যাট্রিক আইদ বলেন, আগামী কয়েকদিনে গাছ, পাতা ও অন্যান্য গুল্ম পোড়ার ফলে সৃষ্ট দূষিত উপাদান আরও দক্ষিণে ওকলাহোমা, টেনেসি ও আরকানসাসে পৌঁছে যেতে পারে।
কোনো স্থানের বাতাস কতটা পরিচ্ছন্ন বা দূষিত তা নির্ধারণ পরিমাপ করা হয় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ের মাধ্যমে। দূষিত বাতাস সেবনের কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে স্বাস্থ্যের ওপর এর প্রভাব কী হতে পারে সেটিকে গুরুত্ব দেওয়া হয় এই সূচকে। একিউআই হিসাব করা হয় গ্রাউন্ড-লেভেল ওজন, পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভিত্তিতে। গ্রাউন্ড-লেভেল ওজন এবং বায়ুবাহিত ক্ষুদ্র কণা যুক্তরাষ্ট্রে মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। ঝুঁকির মাত্রা অনুুযায়ী একে সবুজ থেকে মেরুন রংয়ে নির্দেশ করা হয়।
শুক্রবার সকালে অ্যারোহেড ও মিনেসোটা এরিয়ায় একিউআই ছিল কমলা রংয়ের, দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যায় থাকা, বয়স্ক ও শিশুদের জন্য যা উদ্বেগজনক। এই অবস্থায় এই শ্রেণির মানুষকে বাড়ির বাইরে বেরোনো সীমিত করা উচিত।
কমলার নিচে রয়েছে হলুদ এবং যাকে মোটামুটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। মিডওয়েস্টের কিছু অংশের বায়ুমান শুক্রবার এমন ছিল। তবে উত্তর মিনেসোটার বাতাসে ক্ষুদ্র কণার পরিমাণ বাড়তে পারে, যা সবার জন্যই অনিরাপদ।
গত গ্রীষ্মে ক্যালিফোর্নিয়া, ওরেগন, আারিজোনা, ওয়াশিংটন ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো এবং কানাডায় দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আকাশে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। এর ফলে কিছু এলাকায় বায়ুমান সংক্রান্ত সতর্কতা জারি করতে হয়েছিল।

