
অধিকাংশ কানাডিয়ান দেশকে দ্বিদলীয় ব্যবস্থায় পর্যবসিত হতে দেওয়ার পক্ষে নন। লেজার পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
এপ্রিলে ফেডারেল নির্বাচনের পর এই সমীক্ষা চালায় লেজার। নির্বাচনে লিবারেল ও কনজার্ভেটিভ পার্টি ৩৪৩টি আসনের মধ্যে ৩১৩টি আসনে জয়লাভ করে।
লেজার মার্কেটিং অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের জন্য ১ থেকে ৩ মে পর্যন্ত ১ হাজার ৬০০ কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালায়। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৯ শতাংশ কানাডিয়ান বলেন, দ্বিদলীয় ব্যবস্থা কানাডার জন্য ভালো কিছু হবে না। এ ব্যাপারে কিছু জানেন না বলে মত দেন সমীক্ষায় অংশ নেওয়া ৩০ শতাংশ কানাডিয়ান।
সমীক্ষায় বলা হয়েছে, অন্টারিও এবং আলবার্টার বাসিন্দারা দ্বিদলীয় ব্যবস্থার ব্যাপারে সবচেয়ে উন্মুক্ত। এই দুই প্রদেশের ২৩ শতাংশ বাসিন্দা বলেছেন, এটা একটি ভালো ব্যাপার হবে। এ ধরনের ব্যবস্থার অধীনে কানাডা ভালো থাকবে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ব্রিটিশ কলাম্বিয়া এবং কুইবেকের ২০ শতাংশ বাসিন্দা।
কনজার্ভেটিভ সমর্থকদের মধ্যে ৩০ শতাংশ কানাডার দ্বিদলীয় ব্যবস্থাকে উত্তম মনে করলেও এই মত পোষণকারী লিবারেলদের হার ১৭ এবং এনডিপির ১৪ শতাংশ। সমীক্ষাটি অনলাইনে চালানো হয়।

