
স্কোয়াড কারে বসে পর্ণোগ্রাফি দেখা, সহকর্মীদের নগ্ন নারীর ছবি পাঠানো এবং এক নারী কর্মকর্তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টার ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মুখে রয়েছেন টরন্টো পুলিশের এক কর্মকর্তা। সিটিভি নিউজের হাতে আসা ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালের এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
টরন্টো পুলিশ সার্ভিসের কনস্টেবল জেমস ব্র্যাগের বিরুদ্ধে চার কাউন্ট অসম্মানজনক আচরণ এবং দুই কাউন্ট শৃঙ্খলা না মানার অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালে এসব ঘটনা ঘটে।
নথিতে উল্লেখিত প্রথম ঘটনার বিষয়ে বলা হয়েছে, একটি পুলিশ ক্রুজারের যাত্রী আসনে বসা অবস্থায় ব্র্যাগ পর্ণোগ্রাফিক ভিডিও দেখেন। ঘটনাটি ছিল ২০২২ সালের শেষ দিকের। এই ঘটনা পিসি ওয়াইকে অস্বস্তিতে ফেলে দেয়।
দ্বিতীয় ঘটনায় ব্র্যাগ আরেক কর্মকর্তাকে তার সেলফোনে একজন নগ্ন নারীর ছবি দেখান। এরপর তিনি ওই কর্মকর্তার বিষয়টি পছন্দ হয়েছে কিনা জানতে চান।
২০২৩ সালের আরেকটি ঘটনায় ব্র্যাগ দায়িত্বে ছিলেন না এবং অন্য কমকর্তাদের সঙ্গে মদ্যপানে যান। ওই সময় তিনি এক নারী কর্মকর্তাকে অন্যায্যভাবে স্পর্শ করেন এবং তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেন।
২০২২ সালে ডেলোয়িটের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, টরন্টো পুলিশ সার্ভিসের মধ্যে হয়রানী ব্যাপক বিস্তৃত সমস্যা হয়ে দেখা দিয়েছে। ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেটরদের কণ্ঠেও একই প্রতিধ্বনি শোনা যায়।

