
টরন্টো নিবাসী কবি, লেখিকা এবং সঙ্গীতশিল্পী শ্রীমতি মৌসুমী সেন ভট্টাচার্য্যের কাব্যগ্রন্থ ‘জীবন’ প্রকাশিত হলো ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ এ । মৌসুমী এই কাব্যগ্রন্থটি তাঁর স্বর্গীয় বাবা শ্রী জীবন কৃষ্ণ সেন মহাশয়কে উৎসর্গ করেছেন । এই বইটিতে তিনি জীবন সম্পর্কিত, জীবনের নানা অধ্যায়ের উপরে লেখা নানান ধরণের কবিতা সংকলিত করেছেন l এই কাব্যগ্রন্থের মধ্যে যেমন আছে ভালোবাসা নিয়ে লেখা তেমনি আছে মাতৃত্ব নিয়ে লেখা তেমনই আছে সন্তান সম্পর্কিত লেখা, আছে পাওয়া না পাওয়ার কথা, আছে প্রকৃতির সৌন্দর্য্যের সুন্দর বর্ণনা, আছে নারীদের কথা, আছে দূর্গাপূজার আনন্দের বহিঃপ্রকাশ ইত্যাদি নানা বিষয়ের কবিতা ।
এই বইটি খুব ভালো সাড়া ফেলেছে l অনেকগুলি কপি বিক্রি হয়েছে এবং পাঠক বইটি পড়ে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন কবিকেl যেখানে পাঠক খুশি সেখানেই কোন একটি বইয়ের সার্থকতা । কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছিল এ বছর ১৮ জানুয়ারি থেকে মেলাটি শেষ হয়েছে ৩১ জানুয়ারি । এই মেলাতে ভারতবর্ষ এবং বাংলাদেশের লেখক লেখিকা ছাড়াও সারা পৃথিবীর লেখক লেখিকার লেখা নানা ভাষার বই কেনা এবং বেচা হয়েছে।
মৌসুমীর জন্ম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি সবই তার কলকাতায় । বিবাহের পর থেকেই তিনি দেশের বাইরে আছেন । প্রথমে ছিলেন ইংল্যান্ডে, তারপরে ছিলেন আমেরিকাতে। আবার ছিলেন ইংল্যান্ডে, তারপরে কিছুদিন কলকাতায় থাকার পরে তিনি বর্তমানে কানাডায় থাকেন । মৌসুমী দর্শনশাস্ত্র, ইংরেজি সাহিত্য এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রসংগীত নিয়ে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রী পড়েছেন । ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি শিখেছেন এবং করেছেন ।
এখনো সেগুলি অব্যাহত রাখতে পেরেছেন এবং পরবর্তী প্রজন্মকে সে বিষয়ে আগ্রহী করে তুলতে তার প্রচেষ্টার জুড়ি মেলা ভার । তিনি কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে অংশগ্রহণ করেছেন । কখনো গান করেছেন, কখনো আবৃত্তি করেছেন, কখনো অভিনয় করেছেন, এবং কখনো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন । তাঁর প্রশংসনীয় কাজে তিনি সম্মানীত হয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন একাধিকবার । তিনি পৃথিবীতে যখন যে দেশে থেকেছেন সে দেশেই সঙ্গীতচর্চা এবং সাহিত্য চর্চা করে গেছেন । তাঁর লেখা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এবং তিনি সংগীত পরিবেশন করেছেন বিভিন্ন মঞ্চে । তিনি ছোটদের সংগীতচর্চা করান বা সংগীত শেখান এবং ছোটদের নিয়ে অনুষ্ঠান করেন যাতে পরবর্তী প্রজন্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে নিজেদের যুক্ত রাখতে পারে ।
তিনি কবিতার পাশাপাশি ছোট গল্প, ভ্রমণ কাহিনী ইত্যাদি লিখে থাকেন l যেগুলির বেশ কয়েকটি কানাডা, কলকাতা , আমেরিকা এবং ইংল্যান্ডের বেশ কিছু ম্যাগাজিনে এবং সংবাদপত্রের প্রকাশিত হয়েছে । আগামী দিনে মৌসুমী আরো অনেক বই তাঁর প্রিয় পাঠকদের কে উপহার দিন এবং তিনি তাঁর লেখনী ও সুমধুর কন্ঠের মাধ্যমে ওনার পাঠক, দর্শক এবং শ্রোতাকে আনন্দ প্রদান করুন তার জন্য অনেক শুভেচ্ছা রইল বাংলা মেইল পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে ।

