
কানাডার অন্যতম রাজনৈতিক আদর্শ লিঙ্কন আলেক্সান্ডারকে ২১ জানুয়ারি কুইন’স পার্কে সম্মানীত করা হয়েছে। লিঙ্কন আলেক্সান্ডার ছিলেন হাউস অব কমন্সের প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য, ফেডারেল কেবিনেট মন্ত্রী এবং অন্টারিওর প্রথম কৃষ্ণাঙ্গ লেফটেন্যান্ট গভর্নর। ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। এখন প্রথম কৃষ্ণাঙ্গ কানাডিয়ান রাজনীতিক হিসেবে কুইন’স পার্কে আলেক্সান্ডারের ভাস্কর্য বসল।
ব্ল্যাক অপরচুনিটি ফান্ডের নির্বাহী পরিচালক ক্রেগ ওয়েলিংটন বলেন, বহু বছর ধরে বহু মানুষের জন্য তিনি পথপ্রদর্শক ও আলোকবর্তিকা হয়ে আছেন। এবং তার এই সম্মাননা অনেকদিন ধরেই প্রাপ্য ছিল।
ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড পারসন উইথ ডিসঅ্যাবিলিটি বিষয়ক মন্ত্রী কামাল খেরা এক বিবৃতিতে বলেছেন, সামাজিক ন্যায়বিচার, শিক্ষা, জাতিগত সম্পর্ক ও তরুণদের সমস্যা সমাধানের মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেক্সান্ডারের যে প্রতিশ্রুতি তাই তাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে রোল মডেলে পরিণত করেছে। সারাজীবন তিনি সব কানাডিয়ানের অগ্রগতি ও ন্যায্যতার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন।
ব্রোঞ্জের ভাস্কর্যটি সম্পন্ন করতে টরন্টোর শিল্পী কুয়েন্টিন ভারসেটির সময় লেগেছে ছয় মাস। তিনি বলেন, খবরটি পাওয়ার পর আমি হতভম্বিত হয়ে গিয়েছিলাম। সেই সঙ্গে বিনয় ও উত্তেজনাও কাজ করছিল। কারণ, আমি মিসিসোগার লিঙ্কন এম. আলেক্সান্ডার স্কুলে পড়েছি। গ্রেড ৯ এ পড়ার সময় তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার বয়স তখন ১৪ বছর। সুতরাং, এমন মহৎ একজন কানাডিয়ানকে সাম্মান জানাতে পারাটা বিরাট গৌরবের।
আমেরিকার নাগরিক অধিকার আন্দোলন যখন চরমে সেই সময় ১৯৬৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন আলেক্সান্ডার। মার্টিন লুথার কিং নিহত হওয়ার পরপরই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

