
কয়েক মাস আগে সাইবার হামলার শিকার টরন্টো পাবলিক লাইব্রেরির (টিপিএল) কার্যক্রম ফেব্রুয়ারিজুড়ে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরবে। ১৯ জানুয়ারি ওয়েবসাইটে দেওয়া হালনাগাদ তথ্যে লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছে, এ মাসের শেষ দিকে ওয়েবসাইটের একটি সংস্করণ চালু হবে।
তবে কাস্টমার অ্যাকাউন্ট, লাইব্রেরির ক্যাটালগ এবং সার্চ ফাংশন দেখা যাবে না। লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছে, ফেব্রুয়ারির শেষ দিকে এসব ফিচার ফিরিয়ে আনতে পারব বলে আমরা আশা করছি।
এখন থেকে তিন মাস আগে ২৩ অক্টোবর টরন্টো পাবলিক লাইব্রেরি সাইবার হামলার শিকার হয়। এর ফলে স্যোশাল ইন্স্যুরেন্স নাম্বার এবং কর্মীদের সরকার-ইস্যুকৃত পরিচয়পত্রের অনুলিপি খোয়া যায়। এরপর থেকেই গ্রাহকরা বইয়ের আদেশ দেওয়াম ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ এবং অনসাইট কম্পিউটার ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।
লাইব্রেরি কর্তৃপক্ষ কিছু সেবা চালু রাখার চেষ্টা করে যাচ্ছে। কর্মকর্তারা বলেন, ফেরত দেওয়া বই মজুদের জন্য তারা ডজনখানেক অফসাইট ট্রেইলার ব্যবহার করছে। ইলেক্ট্রনিকভাবে পরীক্ষা করতে পারার আগ পর্যন্ত তারা এটা অব্যাহত রেখেছিলেন।
টিপিএলের কর্মকর্তারা সে সময় বলেছিলেন, জানুয়ারির শেষ দিতে সেবাটি
পর্যায়ক্রমে চালু হবে। ১৯ জানুয়ারির হালনাগাদ তথ্যে লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু স্বাভাবিক করতে আরও এক মাস লাগতে পারে। ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ কর্মীরা গ্রাহকদের এ ব্যাপারে জানাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পাবলিক কম্পিউটিংও ফেব্রুয়ারির গোড়ার দিকে স্বাভাবিকতায় ফিরবে। লাইব্রেরি কর্তৃপক্ষ বলেছে, তারা এরই মধ্যে তিন হাজারের বেশি স্টাফ কম্পিউটার স্বাভাবিক করেছে। পাবলিক কম্পিউটার অনলাইনে ফেরায় আমাদের লক্ষ্য এখন প্রিন্টিং সার্ভিসেসের দিকে।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার পর থেকে ৮ লাখ ৪৫ হাজার সামগ্রীর পাশাপাশি ২৮ লাখ ইবুক, অডিওবুক ও ম্যাগাজিন ধার দিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ।

