
সার্ভিস অন্টারিওর আউটলেট হিসেবে স্ট্যাপল কানাডা স্টোরগুলোকে উপযোগী করে তোলার যে ব্যয় তা করদাতাদের অর্থে নির্বাহের পরিকল্পনা করছে ফোর্ড সরকার। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
এজন্য কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা এখনো জানা যায়নি। কিন্তু একাধিক সূত্র বলেছে, কিয়োস্ক বসাতে স্টোরের যে আধুনিকায়ন প্রয়োজন সেজন্য সরকার ব্যয় নির্বাহ করবে। জনগণকে সরকারি সেবা দিতে সার্বিক ব্যয় কমিয়ে আনার ২০২৩ সালের ডিসেম্বরে যে পরীক্ষামূলক প্রকল্পের ঘোষণা দেওয়া হয় কিয়োস্ক তার অংশ।
সরকারের কমপক্ষে ১১টি সার্ভিস অন্টারিও আউটলেট বন্ধের খবর জানা যায় সম্প্রতি। এর পরিবর্তে স্ট্যাপলস কানাডার স্টোরের অভ্যন্তরে কিয়োস্কের ব্যবস্থা করা হবে। স্ট্যাপলস কানাডাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এজন্য কোনো দরপত্র আহ্বানের প্রয়োজন নেই, যার অর্থ হলো অন্য কোনো কোম্পানি কাজ পেতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
প্রিমিয়ারের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, সরকার এ নিয়ে রিটেইল অংশীজনদের সঙ্গে লম্বা আলোচনা করেছে। আকার, পার্কিং সুবিধা, অন্টারিওজুড়ে স্টোর এবং অংশগ্রহণে আগ্রহের কারণে স্ট্যাপলস কানাডাকে নির্বাচিত করা হয়েছে। সব স্টোর এই শর্ত পূরণ করায় স্ট্যাপলস কানাডাকে বেছে নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের সেবাপ্রাপ্তিতে বর্তমান যে সময় লাগে তা ৩০ শতাংশ সাশ্রয় হবে।

