
২০২৪ সালে দাবানল নিয়ে কানাডার উচ্চ সতর্কতায় থাকা উচিত বলে কানাডিয়ান ফরেস্ট সার্ভিসের এক বিজ্ঞানী জানিয়েছেন। গত বছরের রেকর্ড ভঙ্গকারী মৌসুমের ওপর দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন তিনি।
১২ জানুয়ারির ব্রিফিংয়ে আসন্ন মৌসুমের পূর্বাভাস তুলে ধরেন গবেষণা বিজ্ঞানী পিযূষ জৈন। তবে তিনি তার উপস্থাপনায় সুনির্দিষ্ট কিছু নির্দেশক তুলে ধরেন। যেমন খরা পরিস্থিতি, মাটির আর্দ্রতা, যা গত বছরের মতোই। একই সঙ্গে তিনি তাপমাত্রার পূর্বাভাসও দেন, যা দাবানলের মৌসুমের শুরুর দিকের চেয়ে উষ্ণ।
তিনি বলেন, আমার ধারণা, বেশিরভাগই মানুষই এটা বুঝতে পারছেন যে, ২০২৪ সালের জন্য আমাদের উচ্চ সতর্কতায় থাকা প্রয়োজন।
জৈন তার ১২ জানুয়ারির ব্রিফিংয়ে ২০২৩ সালের দাবানলের মৌসুমের উপাত্তকেন্দ্রিক তথ্য তুলে ধরেন। কানাডার ইতিহাসে যেকোনো দাবালন মৌসুমের তুলনায় গত বছর অনেক বেশি সংখ্যক মানুষকে সরিয়ে নিতে হয় এবং অধিক অঞ্চল পুড়ে যায়।
তিনি বলেন, গত বছরের ওই রেকর্ড ভঙ্গকারী মৌসুমের জন্য দায়ী আগেভাগেই তুষার গলা এবং স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত।
একই সঙ্গে জীবাশ্ম জ¦ালানি পোড়ানোর ফলে নির্গত গ্রিনহাউস গ্যাসের কারণে বদলে যাওয়া জলবায়ুও দীর্ঘ এবং অধিক তীব্র দাবানলে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন জৈন। একটি গবেষণার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তাতে দেখানো হয়েছে, মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তন ২০২৩ সালে আগুনের ভয়াবহতা সাতগুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে চরম আগুনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। জৈন বলেন, দাবানল কানাডায় বসবাসকারী প্রত্যেকের ওপর প্রভাব ফেলছে।

