
দশক পুরোনো কানাডিয়ান চিরায়ত খাবার ম্যাককেইন ডিপ’এনের ডেলিসাস কেকের তৈরির প্রক্রিয়ায় ১১ বছর আগে পরিবর্তন আসে। কেকের উপাদান থেকে বিফ জেলাটিনের প্রস্থানের বিষয়টি অনেক কানাডিয়ানই হয়তো খেয়াল করেননি। কিন্তু মুসলিম ক্রেতাদের কাছে এটা উদযাপনের কারণ।
নরিশ ফুড মার্কেটিংয়ের অ্যাকাউন্ট পরিচালক ও মাল্টিকালচারাল প্রধান সালিমা জিভরাজ বলেন, এটা মুসলিম কমিউনিটির মধ্যে ভাইরাল হয়ে গেছে। তারা বলছেন, আমরা এটা খেতে পারি।
কানাডায় মুসলিম জনসংখ্যা বাড়তে থাকায় গ্রোসারি স্টোরগুলোতে হালাল মাংস, স্ন্যাকস ও ডেজার্ট খুঁজে পাওয়া এখন অনেক বেশি সহজ। জিভরাজ বলেন, এই প্রবৃদ্ধি কখনো কমবে বলে তার মনে হয় না। হালাল খাদ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। সুতরাং, এটা সত্যিই ভালো ব্যবসা।
২০২১ সালের শুমারি অনুযায়ী, কানাডার মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলমান। এই অনুপাত ২০০১ সালের পর দ্বিগুণ। এতে প্রভাবকের ভূমিকা পালন করছে অভিভাসন।
স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত অনুযায়ী, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে কানাডায় যত সংখ্যক অভিবাসী এসেছে তাদের প্রায় ১৯ শতাংশ মুসলমান।
ইমাম এবং হালাল মনিটরিং অথরিটির (এইচএমএ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও সহ-প্রতিষ্ঠাতা ওমর সুবেদার বলেন, হালাল খাদ্যের চাহিদা থাকায় এই শিল্প এদিকে মনোযোগ বাড়াচ্ছে। এ কারণে আরও বেশি হালাল খাদ্য তাকে জায়গ করে নিচ্ছে।
তিনি বলেন, মাংস হালাল হতে গেলে একটি নির্দিষ্ট পদ্ধতিতে পশু জবাই করতে হয়। মুসলমানরা কিছু পশুর মাংস খায় না। বিশেষ করে শুকরের মাংস। জন্ম থেকে পশুর লালন-পালনও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
জিভরাজ বলেন, এটা কেবল মাংসের বেলায় নয়। সাধারণ অনেক গ্রোসারি আইটেমও যেমন জেলাটিন অথবা রেনেটও এর মধ্যে পড়ে। কিন্তু এসব সামগ্রীও হালাল পাওয়া যাচ্ছে।
মোড়কজাত হালাল ভোগ্য পণ্য ও অন্যান্য খাদ্য পণ্য অ্যালকোহলমুক্ত হওয়াটাও জরুরি।
সুবেদার বলেন, হালাল খাদ্য শিল্পে অসদুপায় অবলম্বন ও জালিয়াতি রোধে ২০০৬ সালে এইচএমএর যাত্রা শুরু হয়। হালাল পণ্যের সনদ দেওয়ার পাশাপাশি যে কোম্পানিকে তারা সনদ দিচ্ছে তার চর্চাগুলোর ওপর নজর রাখে এইএমএ।
বিভিন্ন ধরনের মাংস ও আমিষ পণ্য উৎপাদন করে থাকে মিসিসোগাভিত্তিক ম্যাপল লিফ ফুডস। সাম্প্রতিক বছরগুলোতে তাদের হালাল পণ্যের চাহিদা বেড়েছে। কোম্পানির হালাল ব্র্যান্ড মীনা ২০১৩ সালে চালু হয় এবং এটি এইচএমএর সনদপ্রাপ্ত।
কোম্পানির রিটেইল মার্কেটিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক লুটফি বলেন, সামনের বছরগুলোতে আমরা হালাল পণ্যের শক্তিশালী প্রবৃদ্ধি আশা করছি।

