
অন্টারিওর লন্ডন হামলা থেকে বেঁচে যাওয়া সেই বালক ৫ ডিসেম্বর আদালতে তার বক্তব্য তুলে ধরেছে। তার এই বক্তব্য শুনে অনেকেই চোখের পানি ধরতে রাখতে পারেননি। ওই হামলায় পরিবারটির চার সদস্য নিহত হন। ৫ ডিসেম্বর ছিল এই মামলায় সাজার শুনানি।
২০২১ সালের ৬ জুন যখন ওই ঘটনা ঘটে তখন বালকটির বয়স ছিল ৯ বছর। ওইদিন নাথানিয়েল ভেল্টমেন তাদের ওপর ট্রাক উঠিয়ে দেয়। ওই সময় তারা রাস্তায় হাঁটার জন্য বেরিয়েছিল।
বালকের ভিক্টিম ইম্প্যাক্ট বিবৃতি আদালতে পড়ে শোনানো হয়। সেখানে সে বলেছে, আমি এখন আর আমার পরিবারের সঙ্গে কথা বলতে পারি না এবং তাদের নিয়ে নতুন স্মৃতি তৈরি করি। আমি তাদের সঙ্গে আর কখনোই মজা করতে পারব না।
২৩ বছর বয়সী ভেল্টম্যান গত নভেম্বরে চার কাউন্ট ফার্স্ট-ডিগ্রি মার্ডারে দোষী সাব্যস্ত হন এবং আফজাল পরিবারকে হত্যার উদ্দেশে আঘাত করার এক কাউন্ট হত্যাচেষ্টার অভিযোগে দোষী প্রমাণিত হন।
ওই ঘটনায় বালকের ৪৬ বছর বয়সী বাবা সালমান আফজাল, তার ৪৪ বছর বয়সী মা মাদিহা সালমান, ১৫ বছর বয়সী বোন যমুনা এবং ৭৪ বছর বয়সী দাদী তালাত আফজাল নিহত হন। সে নিজেও গুরুতর আহত হয়।
ভেল্টম্যান বলেন, তিনি তার কালো রঙের পিকআপ ট্রাক দিয়ে তাদেরকে আক্রমণের লক্ষ্যে পরিণত করেন কারণ পোশাক এবং সালমান আফজালের পোশাক দেখে তাদেরকে মুসলিম মনে হয়েছিল।
আদালতে বালকটি বলে, তার মা, বাবার সঙ্গে নামাজ পড়তে মসজিদে যাওয়া এবং দাদীর সঙ্গে ছবি আঁকার অভাব সে খুব বোধ করে। সে তার বোনের সঙ্গে শেষবারের মতো মারামারি করতে চায়। আমি এবং যমুনা মনে মনে ঠিক করেছিলাম যে, যে ড্রাইভার’স লাইসেন্স পেলে আমাকে ঘোরাবে। প্রতি ড্রাইভে সে আমার কাছে ২৫ সেন্ট দাবি করেছিল। এখন আমি আর তা দেখতে পাব না।

