
আরবিসির ১ হাজার ৩৫০ কোটি ডলারে এইচএসবিসি কানাডা অধিগ্রহণের প্রস্তাব ২০২৩ সালের শেষ দিকে অনুমোদন করেছে ফেডারেল সরকার। এই অধিগ্রহণ প্রতিযোগিতা কমিয়ে দেবে বলে সমালোচকদের উদ্বেগ সত্ত্বেও এই অনুমোদন দিয়েছে সরকার। আগামী বছর এই অধিগ্রহণের প্রভাব কী হয় তা দেখার অপেক্ষায় আছেণ ব্যাংক গ্রাহকরা।
ব্যাংকিং খাতের আরও কিছু পরিবর্তনের দিকেও চোখ থাকবে নতুন বছরে। ওপেন ব্যাংকিং ফ্রেমওয়ার্ক এর মধ্যে অন্যতম। ফল ইকোনমিক স্টেটমেন্টে ফেডারেল সরকার বলেছে, ওপেন ব্যাংকিং ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠায় ২০২৪ সালের বাজেটে তারা আইন প্রস্তাব করেছে।
ওপেন ব্যাংকিং বা ভোক্তাচালিত ব্যাংকিং কানাডিয়ান ও ছোট ব্যবসাগুলোকে নিরাপদে তাদের আর্থিক উপাত্ত অন্যান্য সেবার সঙ্গে বিনিময়ের সুযোগ করে দেবে। উদাহরণ হিসেবে ভোক্তারা তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট একটি একক ইন্টারফেসে রাখতে পারবে, যা খরচবিহীন অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সহজ করবে।
ব্যাংকিং সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে বর্তমানে দুটি বিকল্প চালু আছে, যার মধ্য দিয়ে ব্যাংকগুলো তাদের পছন্দেরটি বেছে নিতে পারে। গ্রাহকের জন্য কোনটি সবচেয়ে ভালো তার চেয়ে একেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অবস্থায় অভিয্গো নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই একটি একক ব্যাংকিং ন্যায়পালের দাবি জানিয়ে আসছেন ভোক্তাদের নিয়ে কাজ করা ব্যক্তিরা। ফেডারেল সরকার একক অভিযোগ বডি প্রতিষ্ঠার জন্য ২০২২ সালের বাজেটে আইন প্রস্তাবের কথা বলেছিল। গত অক্টোবরে সরকার ঘোষণা দেয় যে, ওম্বুডসম্যান ফর ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০২৪ সালের ১ নভেম্বর থেকে সব ধরনের ব্যাংকিং অভিযোগ দেখভাল করবে। আরেকটি প্রতিষ্ঠান এডিআর চেম্বারস অন্য বিরোধ নিষ্পত্তির কাজ করবে। তবে ডেমোক্রেসি ওয়াচের মতো প্রতিষ্ঠান প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য সরকারের সমালোচনা করেছে।
দেশের পেমেন্ট অবকাঠামোর মালিক ও পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠান পেমেন্টস কানাডা তাৎক্ষণিক পেমেন্ট ক্লিয়ারিং চালু জন্য কাজ করছে। এর অর্থ হলো ক্রেডিট কার্ড পেমেন্ট তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়ে যাবে। এখন যেমন সপ্তাহান্ত ও ছুটির কারণে কয়েকদিন সময় লাগে তেমনটা হবে না। সেই সঙ্গে পেমেন্টে আরও উপাত্ত ও স্বচ্ছতা যোগ হবে।
২০১৮ সালে পেমেন্টস কানাডা বলেছিল, ২০১৯ সালে ব্যবস্থাটি চালু হবে। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। সর্বশেষ গ্রুপটি ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ এটি চালু করার ঘোষণা দিয়েছিল। কিন্তু তাও পিছিয়ে যায়। এখন বলছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যবস্থাটি চালু করার ব্যাপারে হালনাগাদ তথ্য জানাবে তারা।
২০২১ সালের নির্বাচনী প্রতিশ্রুতির আংশিক ফেডারেল সরকার পূরণ করেছে বলে সম্প্রতি জানিয়েছে ডেমোক্রেসি ওয়াচ। ব্যাংকের মূল্য ধার্য্য করলে তা পর্যালোচনার ব্যাপারে ফাইন্যান্সিয়াল কনজ্যুমার এজেন্সি অব কানাডাকে পর্যালোচনার ক্ষমতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে কোনো অগ্রগতি আসেনি বলে জানিয়েছে তারা। এ ছাড়া এই মূল্য মাত্রাতিরিক্ত হলে তা পরিবর্তনেও কোনো ক্ষমতা দেওয়া হয়নি এজেন্সিকে।

