
সোলেইমান ফকিরির সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অন্টারিওর একটি কারাগারে মারা যান মানসিকভাবে অসুস্থ ফকিরি।
এ উপলক্ষ্যে তার পরিবারের সদস্য ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে ইয়ং-ডানডাস স্কয়ারে সমবেত হন। সলি নামে পরিচিত এই প্রিয়জনকে নিয়ে কথা বলেন তারা।
লিন্ডসে কারাগারে থাকা অবস্থায় ২০১৬ সালের ১৫ ডিসেম্বর মাত্র ৩০ বছর বয়সে মারা যান ফকিরি। মানসিক সমস্যায় ভোগা ফকিরিকে তার এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করার অভিযোগে একই মাসের গোড়ার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কারা কর্মকর্তাদের সঙ্গে সহিংস ধ্বস্তাধ্বস্তির পর মারা যান তিনি।
এ সপ্তাহের গোড়ার দিকে করোনারের তদন্তে ফকিরির মৃত্যুকে হত্যা বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে কারাগারে স্বাস্থ্যসেবা বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে ৫৭টি সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
ফকিরির মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে কারাগারের অনেক কর্মী উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরও ফকিরিকে হাসপাতালে নেওয়া হয়নি বা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়নি।
স্মরণসভা থেকে ফফিরির ভাই ইউসুফ সিপি২৪কে কিছু ভিডিও দেখার বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, হলওয়ে ভিডিওতে আমি আমার ভাইকে দেখেছি। প্রথমবারের মতো আমি সেটা দেখেছি। সে ছিল অসহায়ও ভীত সন্ত্রস্ত। চিকিৎসকের নোটে আমি দেখেছি, সোলি মাকে দেখতে চাইছিল। তার ভাইয়ের মৃত্যু প্রকৃত পরিবর্তন এনে দেবে বলে আমি আত্মবিশ্বাসী।
ইউসুফ বলেন, আমি যখন এসব পীড়নের দিকে ফিরে তাকাই তখন সোলির হাসিমাখা মুখটি দেখতে পাই। তার জীবনটা আমাদের চারপাশের আরও সোলিদের রক্ষার সুযোগ করে দেবে বলে আমি আশাবাদী।

