
গ্রোসারি কোড অব কন্ডাক্ট তৈরি চূড়ান্ত হওয়ার পথে। তবে এই নীতিমালা খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে কানাডিয়ান গ্রোসারি শিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান লবল।
লবল কোম্পানিজ লিমিটেড স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশে ১ নভেম্বর লেখা এক চিঠিতে বলেছে, এই কোড অব কন্ডাক্ট কানাডিয়ানদের খাদ্যমূল্য ১০০ কোটি ডলারের বেশি বাড়িয়ে দিতে পারে জেনে তারা উদ্বিগ্ন।
প্রধান অর্থ কর্মকর্তা রিচার্ড ডাফ্রেন চিঠিতে লিখেছেন, বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কোড অব কন্ডাক্ট গ্রহণ করতে পারছে না তারা। লবলর উদ্বেগ নিরসনে সাব-কিমিটির বিশেষ বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।
লবলর মুখপাত্র ক্যাথেরিন থমাস এক বিবৃতিতে বলেছেন, খসড়া কোডে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। এগুলো পণ্যের প্রাপ্যতা হ্রাসের পাশাপাশি খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে বলে তাদের বিশ্বাস। এর ফলে গ্রোসারদের ১০০ কোটি ডলারের মতো ব্যয় বাড়তে পারে, যা লবলর গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা তৈরি করবে।
কোড নিয়ে লবল একাই উদ্বেগ প্রকাশ করেছে এমন নয়। ওয়ালমার্ট কানাডার মুখপাত্র সারাহ কেনেডি গত অক্টোবরে এক ইমেইলে বলেন, গ্রাহকদের উপকার হয় এমন উদ্যোগের প্রতি কোম্পানির সমর্থন রয়েছে। তবে অপ্রয়োজনীয় বোঝা তৈরির ব্যাপারেও তারা সচেতন আছে, যা কানাডিয়ানদের খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে মূল্যস্ফীতির এই সময়ে।
খাদ্যের দাম স্থিতিশীল করার ব্যাপারে ফেডারেল সরকারের চাপে রয়েছে গ্রোসাররা। কারণ, উচ্চ মূল্যস্ফীতি ও ধারাবাহিক সুদের হার বৃদ্ধি পরিবারের বাজেট কমিয়ে দিচ্ছে।
ফুড, হেলথ অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস অব কানাডা অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কোড তৈরির স্টিয়ারিং কমিটির কো-চেয়ার মাইকেল গ্রেডন দুই কোম্পানিকে কোডকে সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বোর্ডে তাদের অংশগ্রহণ ছাড়া কোডের কার্যকারিতা কমে যাবে বলে জানান তিনি।

