
ডাউনটাউন গাইনিকোলজিন্টের কার্যালয়ে রোগীদের এক-চতুর্থাংশ রোগী রক্তবাহিত ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ। তবে তাদের কেউই সেখানে সংক্রমণের শিকার হননি বলে জানিয়েছে সংস্থাটি।
পাবলিক হেলথ ইউনিটটি ড. এস্থার পার্কের ওপর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে একজন রোগীর অভিযোগের বিষয়টি ড. এস্থার পার্ককে জানানোর এক বছর পর চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে তারা। ওই অভিযোগের পর পরিদর্শকরা দেখতে পান যে, ক্লিনিকের মেডিকেল যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুম্কত করা ছিল না।
২০২০ সালের ১০ অক্টোবর থেকে ২০২৪ সালের ১০ অক্টোবরের মধ্যে যেসব রোগী ক্লিনিকটি থেকে এন্ডোমেট্রিয়াল বায়োপসিস, আইইউডি অথবা জরায়ুর বর্ধিতাংশ অপসারণের সেবা গ্রহণ করেন তাদের কাছে গত ফেব্রুয়ারিতে চিঠি পাঠায় টিপিএইচ। চিঠিতে তাদেরকে এইচআইভি, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি পরীক্ষার করার পরামর্শ দেওয়া হয়।
টিপিএইচ জানায়, পার্কের রোগীদের কাছে ২ হাজার ৬০০টি চিঠি পাঠানো হয় এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত ৬২২টি পরীক্ষার ফলাফল পায় জনস্বাস্থ্য ইউনিটটি। এর মধ্যে ৯ জন রোগীর হেপাটাইটিস বি শনাক্ত হয়। তবে আগে থেকেই তাদের রোগটি ছিল এবং ক্লিনিক থেকে তারা আক্রান্ত হননি। এইচআইভি বা সক্রিয় হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের কোনো ঘটনা পরীক্ষার ফলাফলে পাওয়া যায়নি।
টিপিএইচ বলছে, আলোচ্য চার বছরের মধ্যে যেসব রোগী ক্লিনিকটিতে উচ্চ ঝুঁকিপন্ন অস্ত্রোপচার সেবা নিয়েছেন তাদেরকে এখনো পরীক্ষা করার এবং চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছে তারা।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর পার্কের লাইসেন্স কেবলমাত্র অফিসভিত্তিক সেবাদানের জন্য নিয়ন্ত্রিত করে দেওয়ার পর গত ৩০ এপ্রিল তিনি কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স অব অন্টারিও থেকে পদত্যাগ করেন।
দি কানাডিয়ান প্রেস গত জুনে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পার্কের বেঠিক চিকিৎসাসেবা নিয়ে বেশ কয়েকজন রোগী অভিযোগ করেন। এ ব্যাপারে মন্তব্যের জন্য ডা. পার্কের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

