
বিভিন্ন সংগঠনের একটি জোট শনিবার টরন্টোতে জড়ো হয়ে অস্ত্র সহিংসতা অবসানের জোরালো দাবি জানায়। আয়োজকরা বলেন, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের উচ্চ স্তর ও কমিউনিটিগুলোর কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার একটা সুযোগ এই সমাবেশ।
ওয়ান বাই ওয়ান মুভমেন্টের প্রতিষ্ঠাতা মার্সেল উইলসন বলেন, নগরীর পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এ ব্যাপারে বার্তা ছড়িয়ে দেওয়াই্ এর উদ্দেশ্য।
নর্থ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে থাকার সময় আট বছর বয়সী জাহভাই রয় গুলিতে নিহত হওয়ার এক মাস পর এই সমাবেশ অনুষ্ঠিত হলো। শিশুটির মা হলি রয় বলেন, তার জন্য আমার কণ্ঠস্বর যে সংশ্লিষ্টদের কাছে সেটা নিশ্চিত করতে চাই আমি। এখনো বিমুঢ়। আমি আমার সন্তানের অভাব অনুভব করছি এবং এ কারণেই আমরা আজ এখানে জড়ো হয়েছি। তারা আমাদের প্রিয়জনের কথা বলছে এবং আমাদের একসঙ্গে আসা দরকার, কারণ আর কারো সঙ্গেই এমনটা ঘটা উচিত নয়।
কয়েকদিন আগেই টরন্টো পুলিশ ১৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারসহ অন্ত্র সংক্রান্ত অপরাধের পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এ ঘটনায় আরও দুই সন্দেহভাজন এখনো পলাতক রয়েছে। তাদের একজনের বয়স ১৭ এবং আরেকজনের ১৮ বছর। গুলির ঘটনার সময় ১৮ বছর বয়সী সন্দেহভাজনের বয়সও ১৭ বছরই ছিল। দুজনকেই ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে খোঁজা হচ্ছে।
উইলসন বলেন, সহিংসতা বাড়তির দিকে রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তারা তরুণ। তরুণদের চরম সহিংসতায় জড়ানোর প্রবণতা শুরু হয়েছে এবং জাহভাই ছিল আমার সংগঠনের কনিষ্ঠ সদস্য। সুতরাং, আমাদের কাছে এই আঘাত গভীর।
নাথান ফিলিপস স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়ে কুইন’স পার্কে যায়। র্যালিতে অংশগ্রহণকারী কমিউনিটি ও নীতিনির্ধারকদের সমস্যাটি স্বীকার করে নেওয়ার আহ্বান জানান। ব্ল্যাক অ্যাকশন ডিফেন্স কমিটির নির্বাহী পরিচালক রিটা অ্যাসারে বলেন, এখনই যদি আমরা সংগঠিত না হই তাহলে পরিস্থিতি শুধুই আরওখারাপের দিকে যাবে।

