
এ মাসের গোড়ার দিকে অটোয়া থেকে উদ্ধার করা একটি অন্ধ হরিণের শাবকের নতুন ঠিকানা হতে যাচ্ছে টরন্টো জু। শিগগিরই নতুন ঠিকানা পাবে হরিণ শাবকটি।
সিডার নামের দুই মাস বয়সী হরিণ শাবকটিকে একটি প্রাণী উদ্ধার গ্রুপ অন্টারিওর হকসবারির একটি গ্রামীণ সড়ক থেকে উদ্ধার করে। সিডারকে সেখান থেকে হলি’স হেভেন ওয়াইল্ডলাইফ রেসকিউয়ে নিয়ে আসা হয়। সেখানে গত তিন সপ্তাহ ধরে সে পেশাদার ভেটেরিনারি চিকিৎসা ও সেবা পাচ্ছে।
উদ্ধার সংস্থাটির পরিচালন বিষয়ক পরিচালক লিন রো বলেন, হরিণ শাবকটি অন্ধ এবং মাকে দেখতে না পেয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল। কর্মীরা সিডারের স্বাস্থ্য পরীক্ষার জন্য তৎক্ষণাৎ একটি কক্ষ তৈরি করেন এবং দেখতে পান যে, তার একটি চোখের দৃষ্টিশক্তি আংশিক। তাকে স্থানান্তরের জন্য ছোট একটি আউটডোর এনক্লোজার তৈরি করা হয়।
রো বলেন, উদ্ধার করা প্রাণীর স্থায়ী আবাসের জন্য তারা সাধারণত অন্টারিওর রোসোর অ্যাসপেন ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্যের দ্বারস্থ হয়ে থাকেন। সেখান থেকে তাদের জানানো হয় যে, অভয়ারণ্যে হরিণের জায়গা অবশিষ্ট নেই। এরপর রো টরন্টো জুর দ্বারস্থ হন।
চিড়িয়াখানায় সিডারের জায়গা নিশ্চিত করতে রোকে প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন সংগ্রহ করতে হয়। আবেদন করার একদিনের মধ্যেই তা পাওয়া যায়।
বিষয়টির ব্যাখ্যা করে রো বলেন, হরিণকে বন থেকে বের করে এনে চিড়িয়াখানায় রাখা যায় না। হরিণের মতো কোনো কানাডিয়ান প্রাণীকে কেবল তখনই আবদ্ধ স্থানে রাখা যায় যখন প্রতীয়মান হয় যে, এটি বনে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় নেই।
টরন্টো জুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডল্ফ ডিয়ং বলেন, চিড়িয়াখানায় হরিণের জন্য মানানসহ আবদ্ধ স্থান রয়েছে এবং সিডারকে স্বাগত জানাতে পারলে তারা খুশিই হবেন।
সিডারকে চিড়িয়াখানায় স্থানান্তরের আগে রোগ পরীক্ষা এবং অন্যান্য ঝুঁকি মূল্যায়ন করে দেখা হবে।

