
অনলাইনে শিশুকে প্রলোভনের ঘটনায় ২৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরপর টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিসিডিএসবি) চাকরি থেকে ছুটিতে পাঠানো হয়েছে।
বোর্ডের একজন মুখপাত্র ২৮ ফেব্রুয়ারি বলেন, ওই ব্যক্তি পেশায় একজন শিক্ষা সহায়তাকারী এবং বর্তমানে তিনি টিসিডিএসবিতে কর্মরত। টরন্টো পুলিশ সার্ভিস এ ঘটনায় তদন্ত করছে এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কোনো তথ্য জানানোর মতো নেই।
টরন্টো পুলিশের ইন্টিগ্রেটেড চাইল্ড এক্সপ্লয়টেশন ইউনিট ও ২৩ ডিভিশনের সদস্যরা ২২ ফেব্রুয়ারি মার্টিন গ্রোভ রোড ও এগলিন্টন এভিনিউ ওয়েস্টের কাছে সেন্ট্রাল ইটোবিকোকে একটি ক্রিমিনাল কোর্ড তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করেন। এরপর ইটোবিকোকের বাসিন্দা ২৬ বছর বয়সী টাইলার পেনেলসকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী এক শিশুকে প্রলুব্ধ করার ও ১৬ বছরের কম বয়সী আরেকজনকে যৌন স্পর্শের আমন্ত্রণের অভিযোগ আনা হয়। ২২ ফেব্রুয়ারিই তাকে আদালতে উপস্থাপনের কথা ছিল।
তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফরমে অভিযুক্ত ব্যক্তি নিজেকে টাইলার পেনেলস এবং টাইলার ক্রিস্টোফার পেনেলস বলে পরিচয় দিয়ে থাকেন।
পুলিশের ধারণা এ ধরনের আরও ভুক্তভোগী থাকতে পারেন এবং অভিযুক্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে ৪১৬-৮০৮-৮৫০০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

