
প্রাদেশিক বেতন নিয়ন্ত্রণ আইনের ফলে ক্ষতিপূরণ হিসেবে পাবলিক হেলথ অন্টারিও ল্যাবের কর্মীরা অতিরিক্ত ৫ দশমিক ২৫ শতাংশ বর্ধিত বেতন পাচ্ছেন। আইনটি অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিল ১২৪ নামে পরিচিত আইনটি বৃহত্তর সরকারি খাতের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি তিন বছরের জন্য সর্বোচ্চ ১ শতাংশ বেঁধে দেয়। অন্টারিওর কোর্ট অব আপিল সম্প্রতি আইনটিকে অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর সরকার এটি তুলে নিয়েছে।
নিম্ন আদালতে প্রথম যখন আইনটি অসাংবিধানিক ঘোষিত হয় তখন আরবিট্রেটররা বিভিন্ন গ্রুপের কর্মীদের অতিরিক্ত ভুতাপেক্ষ বেতন পরিশোধ করতে বলেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষক, নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মী, সরকারি কর্মী, অরেঞ্জ এয়ার অ্যাম্বুলেন্স প্যারামেডিক এবং কলেজ শিক্ষক।
এখন পাবলিক হেলথ অন্টারিওর ৭০০ কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠন অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন ২০২০ সালের জন্য অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ, ২০২১ সালের জন্য আরও দশমিক ৭৫ শতাংশ ভুতাপেক্ষ এবং ২০২২ সালের জন্য ৩ দশমিক ৭৫ শতাংশ অতিরিক্ত বেতন পাচ্ছে। আগের বছরগুলোতে তারা যে ১ শতাংশ বর্ধিত বেতন পেয়েছি এগুলো তার অতিরিক্ত।
আরবিট্রেটর উইলিয়াম কাপলান বলেন, কোভিড-১৯-এর পাশাপাশি এইচআইভি এবং খাদ্য ও পানি পরীক্ষার মাধ্যমে কর্মীরা মহামারি ব্যবস্থাপনায় বড় অবদান রেখেছেন। সেই সঙ্গে তারা অন্টারিওবাসীকে সুরক্ষিত রাখতে সাহায্য করেছেন।

