
টরন্টো ও গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) হাজার হাজার যাত্রীর কাছে দ্বৈত ভাড়া এখন অতীত। এখন থেকে আপনি যদি টিটিসি ও অন্যান্য জিটিএ ট্রানজিট এজেন্সির মধ্যে স্থানান্তরিত হন তাহলে আপনাকে কেবল একটা ভাড়াই দিতে হবে। এটা টিটিসিকে গো ট্রানজিট এবং ডারহাম, ব্র্যাম্পটন, মিসিসোগা ও ইয়র্ক রিজিয়নে স্থানীয় ট্রানজিট পার্টনারের সমপর্যায়ে উন্নীত করবে। দুই বছর আগেই তারা একক-ভাড়া ব্যবস্থঅ চালু করেছে।
তবে ইউনিয়ন স্টেশন থেকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়াপোর্টকে সংযুক্তকারী এয়ারপোর্ট রেল লিঙ্ক একক ভাড়ার কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। আরও কিছু কারিগরী শর্তের কারণে এটা সম্ভব হয়নি। এজন্য কিছু সময় লাগবে বলে জানিয়েছে টিটিসি।
বিভিন্ন সিস্টেমের মধ্যে ভ্রমণের সময় যাত্রীরা যখন প্রেস্টো ট্র্যাপ করবেন তখন সর্বোচ্চ ভাড়াটিই নেওয়া হবে। উদাহরণ হিসেবে কোনো যাত্রী যদি টিটিসি থেকে স্থানীয় ট্রানজিট সিস্টেমে যান তাহলে টিটিসির ভাড়াই নেওয়া হবে। একই সঙ্গে টিটিসি থেকে গো ট্রানজিটে গেলে টিটিসির ভাড়ায় ছাড় পাওয়া যাবে।
সব ধরণের স্থানান্তর স্থানীয় ট্রানজিটে ট্রিপ শুরু হওয়ার পর চার ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে। গো ট্রানজিটে ট্রিপ শুরু হওয়ার পর বৈধ থাকবে সর্বোচ্চ তিন ঘণ্টা। একক ভাড়া ব্যবস্থা টিটিসি ও গো ট্রানজিটের মধ্যে নিয়নমিত যাতায়াতকারী একজন প্রাপ্ত বয়স্ক যাত্রীর বছরে ১ হাজার ৬০০ ডলার সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।
টিটিসি বলেছে, বর্তমানে তাদের প্রায় ১৩ শতাংশ যাত্রী তাদের যাত্রী শুরু বা শেষ করেন টরন্টোর বাইরে থেকে। এক-তৃতীয়াংশ যাত্রী গো ট্রানজিট ও টিটিসি ব্যবহার করেন।
একক ভাড়া কর্মসূচির ব্যয় নির্বাহে প্রাদেশিক সরকার ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৬ কোটি ৭০ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এরপরও এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
এ ধরনের একটি কর্মসূচি তিন বছর চলার পর ২০২০ সালে বন্ধ করে দেয় ফোর্ড সরকার। ওই কর্মসূচির আওতায় গো ট্রানজিট ও টিটিসি যাত্রীদের কাছ থেকে ছাড়কৃত ভাড়া নেওয়া হতো।

