
সিরিজের তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারী, রবিবার টরন্টোর বাংলাদেশ সেন্টারে। ক্যারিয়ার, ট্যাক্স এবং ইমিগ্রেশন নিয়ে এই পর্বে গেস্ট স্পিকার হিসেবে ছিলেন ব্যারিষ্টার রিজুয়ান রহমান, মুর্শেদ নিজাম, সি.পি.এ, এবং মাসুম মুনিম তুহিন। সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে এই সেমিনারে পুরো হলভর্তি অংশগ্রহণকারীদের উপচেপড়া ভীড় ছিল লক্ষণীয়। আলোচনার গেস্ট স্পিকাররা বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং লাইভ তথ্য শেয়ার করেন যেটি উপস্থিত সবাই বিশেষ মনোযোগ সহকারে উপভোগ করেন।
এছাড়াও সেমিনারটি ছিল অত্যন্ত ইন্টারেক্টিভ যেখানে অংশগ্রহণকারীদেরকে স্পিকারদের উদ্দেশ্যে তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্ন করার সুযোগ করে দেয়া হয়। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে সভাপতি মাহবুব চৌধুরী (রনি) উপস্হিত দর্শকদের জানান যে নবাগতদের সাহায্য করার জন্য সংগঠনের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আগামী মে মাসের ৫ তারিখ এর চতুর্থ পর্বের আয়োজন করা হবে। আগ্রহীদেরকে এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের ফেসবুক পেইজ ফলো করার অনুরোধ করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীদের সাথে ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখতে এবং তাদেরকে চাকরি খোঁজা সহ অন্যান্য বিষয়ে সাহায্য করার লক্ষে উপস্থিত সবার নাম, ফোন এবং ইমেইল ঠিকানা দিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরী করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আবু জহির শাকিব। সেমিনার সংক্রান্ত যেকোন তথ্যের প্রয়োজনে তার সাথে ৬৪৭-৪৬৫-৯২৩৫ এই নাম্বারে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

