
নতুন মেয়র নির্বাচনে ১০ জুন ভোট দিতে যেতে পারেন মিসিসোগার নাগরিকরা। সিটি ক্লার্কের লেখা এক প্রতিবেদনে এই সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে। ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি কাউন্সিলের বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।
অনুমোদিত হলে ৬ মার্চ অনুষ্ঠিত বিশেষ বৈঠকে কাউন্সিল একটি বাই ল পাস করবে। বাই ল পাস হলে ৬ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। অগ্রিম ভোট নেওয়া হবে মে মাসের শেষের দিকে এবং জুনের শুরুর দিকে। চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে ১০ জুন।
সিটি ক্লার্কের প্রতিবেদনে বলা হয়েছে, পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ও ডাফেরিন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের প্রফেশনাল অ্যাক্টিভিটি ডে হচ্ছে ১০ জুন, যা ভোট কেন্দ্র হিসেবে স্কুলগুলোকে ব্যবহারের সুযোগ করে দেবে। নির্বাচন অনুষ্ঠানে কর্মীদের যেন পর্যাপ্ত সময় দেওয়া হয় সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেয়র নির্বাচনে ব্যয় হতে পারে ৩৫ লাখ ডলার।
অন্টারিও লিবারেলের নতুন নেতা বনি ক্রম্বি প্রায় এক দশক দায়িত্ব পালনের পর ১২ জানুয়ারি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।
সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থী এরই মধ্যে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রার্থীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে।

