
কানাডার সেনেটে সর্বশেষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন টরন্টোর উদ্যোক্তা মোহাম্মদ আল জায়বাক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় থেকে নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়েছে। ঘোষণায় আল জায়বাককে একজন কমিউনিটি নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সেনেটে তিনি ব্যবসা ও সমাজসেবার অভিজ্ঞতা নিয়ে আসবেন।
প্রযুক্তি ব্যবসায় বিনিয়োগকারী হোল্ডিং কোম্পানি কানাডিয়ান ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) আল জায়বাক সংসদের উচ্চ কক্ষে অন্টারিওর প্রতিনিধিত্ব করবেন। এর আগে তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব টেরানেটের সহ-প্রতিষ্ঠাতার পাশাপাশি পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে অন্টারিওর ইলেক্ট্রনিক ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক সংস্থার বোর্ডেও ছিলেন। রয়্যাল অন্টারিও মিউজিয়াম এবং টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটি এর মধ্যে অন্যতম।
সিরিয়ায় জন্ম নেওয়া আল জায়বাক লাইফলাইন সিরিয়ারও সহ-প্রতিষ্ঠাতা। দেশটি থেকে কানাডায় আসা শরনার্থীদের সহায়তা করে থাকে প্রতিষ্ঠানটি।
আল জায়বাক ট্রুডোর সুপারিশে নিয়োগপ্রাপ্ত ৮০তম সেনেটর। লিবারেল মনোনীত অন্য সেনেটরদের মতো তিনিও স্বতন্ত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

