
ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা জতিসংঘের একটি সংস্থায় তহবিল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। গত অক্টোবরে ইসরায়েলে সন্ত্রাসী হামলায় সংস্থার কিছু কর্মীর জড়িত থাকার অভিযোগের মধ্যে এই ঘোষণা দিলেন তিনি।
ককাসের উদ্দেশে তিনি বলেছেন, সংস্থাটিতে তহবিল জোগানোয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লজ্জিত হওয়া উচিত। এই তহবিল কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এ কথা বলেন তিনি।
ফেডারেল সরকার বলেছে, ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্টে আর কোনো বাড়তি তহবিল দেওয়া হবে না। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় সংস্থাটির কিছু কর্মী জড়িত ছিলেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল সরকার।
সংস্থাটির পরিচালক বলেছেন, যেসব কর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনার তদন্তও শুরু হয়েছে।
ওই হামলায় হামাস ১ হাজার ২০০ জনের বেশি লোককে হত্যা করে এবং ২৪০ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা যুদ্ধ ডেকে আনে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে।
সাবেক কনজার্ভেটিভ প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ২০১০ সালে সংস্থাটির তহবিল কমিয়ে এনেছিলেন। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ২০১৬ সালে লিবারেলরা পুনরায় তা ফিরিয়ে আনে।

