
জালিয়াতি তদন্তে টরন্টোর নির্মাণ প্রতিষ্ঠানের একজন কর্ণধার অভিযুক্ত হয়েছেন। পুলিশের বিশ্বাস, গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়াতে অনেকেই এ ধরনের প্রতারণায় ভুক্তভোগী থেকে থাকবেন।
ইয়র্ক রিজিয়নাল পুলিশ জানিয়েছে, নর্থ ইয়র্ক ব্যবসা প্রতিষ্ঠানের তদন্ত শুরু হয় ২০২২ সালে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুয়া ব্যাংক ড্রাফট ব্যবহার করে কোম্পানির মালিক কংক্রিট ফর্ম এবং অন্যান্য নির্মাণ উপকরণ ক্রয় করেন। এরপর তিনি তা ছাড়কৃত মূল্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেন।
১৯ জানুয়ারি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম বিক্রেতা যতক্ষণে জানতে পারেন যে ব্যাংক ড্রাফটটি ভুয়া ততক্ষণে অর্থ হাতছাড়া হয়ে গেছে। এই জালিয়াতির ঘটনায় খোয়া গেছে প্রায় ৬ লাখ ডলার।
ন্যাশনাল কংক্রিট ফর্মিং অ্যান্ড পার্স কংক্রিটের কর্ণধার রুজবেহ আখালাঘিকে ১৬ জানুয়ারি হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় মাদকও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ২৮টি অপরাধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ডলারের বেশি জালিয়াতির ছয় কাউন্ট, অপরাধেল মাধ্যমে অর্জিত সম্পদ কাছে রাখার চার কাউন্ট, মিথ্যা ভান করার চার কাউন্ট এর মধ্যে অন্যতম।
এসব অভিযোগ এখন পর্যন্ত আদালতে প্রমাণিত হয়নি। তদন্তকারীরা বলছেন, জিটিএইচএতে বেশ কয়েক বছর ধরে এ ধরনের লেনদেন হয়ে আসছে বলে তাদের বিশ^াস। তারা জালিয়াতির আশ্রয় নেওয়া কোম্পানির বিজনেস কার্ডের একটি ছবি প্রকাশ করেছে। সেই সঙ্গে আর কেউ প্রতারণার শিকার হয়ে থাকলে তাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ইয়র্ক রিজিয়নাল পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সঙ্গে ১-৮৬৬-৮৭৬-৫৪২৩ নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

