
বিতর্কিত রাইডশেয়ার লাইসেন্সের সর্বোচ্চ সীমা আরোপ থেকে বিরত থাকার এক মাস পর উবার কানাডা প্ল্যাটফরমটি এবং এর সেবা সম্পর্কে যে কল্পকথা চালু আছে তা ভাঙার দিকে মনোযোগ দিয়েছে। মার্চে বিষয়টি কাউন্সিলে ওঠার আগেই এটা করতে যাচ্ছে তারা।
নতুন বিজ্ঞাপন প্রচারণায় উবার কানাডা ব্র্যান্ডটি সম্পর্কে চালু একাধিক ভুল ধারণার বিষয়টি তুলে ধরেছে। টরন্টোর রাস্তায় চালকের সংখ্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের চেষ্টা এবং একজন উবার চালক আসলে কী পরিমাণ অর্থ উপার্জন করে সেগুলো এর মধ্যে অন্যতম।
উবার কানাডা জানায়, সিটি কাউন্সিলের আলোচনায় যে অনেক ভুল ধারণা রয়েছে সেটা আমরা দেখেছি। আমরা রেকর্ড ত্রুটিমুক্ত করার সুযোগটি কাজে লাগাতে চাই এবং চালক, রাইডার ও কমিউনিটির সঙ্গে কীভাবে সংযুক্ত হই ও সহায়তা করি সেই তথ্য জানাতে চাই। বিজ্ঞাপনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, টরন্টো বাইক শেয়ার স্টেশন, পত্রিকা এবং টেলিভিশনে চলবে।
টরন্টো সিটি কাউন্সিল অক্টোবরে রাইডশেয়ার লাইসেন্সের সর্বোচ্চ সংখ্যা ৫২ হাজারে সীমিত করার যে সিদ্ধান্ত নিয়েছিল ১৪ ডিসেম্বর তা সংশোধন করে। প্রথমদিকে গৃহীত পদক্ষেপের উদ্দেশ্য ছিল সড়কে দূষণ এবং যানজট কমিয়ে আনা। কিন্তু উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার আশ্রয় নেয়।
সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে অন্টারিও সুপিরিয়র কোর্টে অব জাস্টিসে করা আবেদনে রাইডশেয়ার জায়ান্টটি যুক্তি দেখায় যে, জনগণ, চালক এবং অন্য অংশীজনদের না জানিয়েই সীমা আরোপের এই সিদ্ধান্ত গ্রহণ করায় তা বৈধ নয়। এ ছাড়া এটা নগরীর নিজস্ব বাইলরই লঙ্ঘন।

