
ফেডারেল সরকারের কাছ থেকে ২০২৪ সালে কানাডিয়ানরা একটি পূর্ণাঙ্গ আবাসন পরিকল্পনা পাবেন বলে জানিয়েছেন আবাসনমন্ত্রী শন ফ্রেজার। কীভাবে আবাসন সংকট সামাল দেওয়া হবে সে সংক্রান্ত দিক-নির্দেশনা থাকবে তাতে।
বছর শেষের সাক্ষাৎকারে দ্য কানাডিয়ান প্রেসকে আবাসনমন্ত্রী বলেন, আমরা একটি পরিকল্পনা তৈরির জন্য কাজ করছি, যেখানে আমাদের ঘোষিত পদক্ষেপগুলো থাকবে।
লিবারেল সরকারের সম্প্রতি ঘোষিত আবাসন নীতিমালা এই পরিকল্পনায় কাজে লাগানো হবে। লিবারেল সরকার তাদের নীতিতে রেন্টাল বাড়ি নির্মাণের ওপর জিএসটি বাতিল, ডেভেলপারদের জন্য কম সুদে অর্থায়নের পরিমাণ বৃদ্ধি এবং পূর্বানুমোদিত বাড়ির পূর্ণাঙ্গ তালিকার জন্য পরামর্শ শুরু করার কথা জানিয়েছে।
হাউজিং অ্যাকসেলারেটর ফান্ডের অংশ হিসেবে মিউনিসিপালিটিগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরে সারা দেশ সফর করছেন আবাসনমন্ত্রী। হাউজিং অ্যাকসেলারেটর তহবিল কর্মসূচির আওতায় বাড়ি নির্মাণে গতি বাড়াতে বাইল এবং নীতিমালা পরিবর্তের বিনিময়ে ফেডারেল সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হবে। ফ্রেজার বলেন, আসন্ন পরিকল্পনায় বাড়ি নির্মাণে ব্যয়ের যে চাপ তা প্রশমনের পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে উৎপাদনশীলতা বাড়াতে একটি শিল্প কৌশলের রূপরেখা তৈরি করা হবে। যাদের আবাসনের খুব বেশি প্রয়োজন তাদেরকেও সহায়তা করবে এটি।
ক্রয়ক্ষমতা ইস্যুতে কানাডিয়ানদের সহায়তা ফিরে পাওয়ার চেষ্টা করার পরিপ্রেক্ষিতে আবাসনের ওপর নতুন করে এই মনোযোগ দিয়েছে লিবারেল সরকার। ফেডারেল রাজনীতিতে আবাসনের সক্ষমতা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আকাশচুম্বি বাড়ি ভাড়া এবং মর্টগেজের ব্যয় বেড়ে যাওয়ায় লিবারেল সরকারকে তোপের মুখে রেখেছে কনজার্ভেটিভরা।
টোরিরা ভ্যানকুভারের মতো সিটিতে প্রতি বছর বাড়ি নির্মাণ ১৫ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করেছে। তা না হলে আর্থিক জরিমানার কথা বলা হয়েছে। ফেডারেল তহবিল স্থগিত এর মধ্যে অন্তর্ভুক্ত। অন্যদিকে যারা নগরীগুলোতে বাড়ি নির্মাণের গতি বাড়াবে তাদেরকে পুরস্কৃত করার প্রস্তাব করেছে তারা।

