
ইটোবিকোকের একটি স্টেডিয়ামের নাম হতে পারে টরন্টোর সাবেক মেয়র রব ফোর্ডের নামে। কাউন্সিল পল আইনস্লির আনা এ সংক্রান্ত প্রস্তাবটি আগামী টরন্টো সিটি কাউন্সিলের সামনে উত্থাপন করা হবে। প্রস্তাবে তিনি সেন্টেনিয়াল পার্কের স্টেডিয়ামের নাম রব ফোর্ড স্টেডিয়াম রাখার কথা বলেছেন।
প্রস্তাবে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে সিটি অব টরন্টো সাবেক মেয়রদের কাজের প্রতি সম্মান জানাতে স্মারক হিসেবে তাদের নামে কোনো কিছুর নামকরণ করে থাকে। উদাহরণ হিসেবে নর্থ ইয়র্ক সিভিক সেন্টারের মেল লাস্টম্যান স্কয়ার, বারবারা হল পার্ক এবং জুন রোল্যান্ডস পার্কের কথা উল্লেখ করা যেতে পারে। কাউন্সিলে রব ফোর্ডের সঙ্গে কাজ করা সবাই জানেন যে, দুটি বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। একটি হচ্ছে তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব কেবল সিটিতে নেই তার নিজ কমিউনিটি ইটোবিকোকেও করা। আরকটি হচ্ছে ফুটবল।
কাউন্সিলর মেলি ক্রারোল সমর্থিত প্রস্তাবটিতে স্টেডিয়ামটির পুনরায় নামকরণের কথা বলা হয়েছে। সিটি অব টরন্টোর সম্পদের নামকরণ নীতি থাকা সত্ত্বেও এই প্রস্তাব করা হয়েছে। নীতিতে সিটির সম্পদের নামকরণের ক্ষেত্রে অল্প কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে।
রব ফোর্ড ২০১০ সালে মেয়র নিবৃাচিত হওয়ার আগে ওয়ার্ড ২-এ তিন মেয়াদে সিটি কাউন্সিলরেরে দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়াদেই মেয়রের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি সিটির ব্যয়ের লাগাম টেনে ধরেন এবং গ্রাহক সেবাকেন্দ্রিক সিটি সেবা চালু করেন। যদিও তার ব্যক্তিগত স্ক্যান্ডাল এসবকে ছাপিয়ে গেছে।
ক্যান্সার ধরা পড়ার পর ২০১৪ সালে তিনি আবারও মেয়র পদে নির্বাচনে দাঁড়ান। পরে তিনি সরে দাঁড়ান। তার পরিবর্তে তার ভাই ডগ ফোর্ড মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে জন টরি এবং অলিভিয়া চাউ অংশ নিয়েছিলন। নির্বাচনে জয়লাভ করেন জন টরি।
৪৬ বছর বয়সে ২০১৬ সালের মার্চে প্রয়াত হন রব ফোর্ড।
টোরিদের সমর্থন সত্ত্বেও ২০১৭ সালে রড ফোর্ডের নামে স্টেডিয়ামটির নামকরণের একটি প্রস্তাব ২৪-১১ ভোটে বাতিল হয়ে যায়।

