
ফেডারেল নিরাপত্তা কর্মকর্তারা বড় জ¦ালানি ও পরিষেবা কোম্পানির নির্বাহীদের সাইবার হুমকির ব্যাপারে ব্রিফ দিয়েছেন। এই খাতের গুরুতর ঝুঁকিগুলোকে গুরুত্ব দিয়ে সরকারের সমন্বিত উদ্যোগের ক্ষেত্রে এটা একটা পদক্ষেপ।
সম্প্রতি প্রকাশিত পাবলিক সেফটি কানাডা মেমোতে বলা হয়েছে, ক্ষতিকর সাইবার কর্মকা-ের বিপদ সম্পর্কে কোম্পানির নির্বাহীদের মধ্যে সচেতনা সৃষ্টির কৌশলের অংশ ছিল ওই বৈঠক। কারিগরী বিশেষজ্ঞ, যারা এই ঝুঁকি সম্পর্কে অবগত তাদের বাইরেও পৌঁছানোর মাধ্যমে এটা করা হয়েছে।
তথ্য অধিকার আইনে মেমোর একটি কপি হাতে পেয়েছে দ্য কানাডিয়ান প্রেস। মেমোতে বলা হয়েছে, গোপন ওই আলোচনার সহ-আয়োজক ছিল পাবলিক সেফটি, ন্যাচারাল রিসোর্সেস কানাডা, কমিউনিকেশন্স সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এবং কানাডার সাইবারস্পাই এজেন্সি।
কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি এ বছর করা এক মূল্যায়নে বলেছে, আর্থিক উদ্দেশে পরিচালিত সাইবার অপরাধ বিশেষ করে বিজনেস ইমেইল কম্প্রোমাইজ ও র্যানসামওয়্যার হচ্ছে সবচেয়ে সাধারণ সাইবার হুমকি, যেগুলো কানাডার তেল ও গ্যাস খাত মোকাবিলা করছে। বাণিজ্যিক বা অর্থনৈতিক কারণে খাতটি রাষ্ট্র মদদপুষ্ট সাইবার গুপ্তচরবৃত্তির অব্যাহত লক্ষ্য হয়ে থাকবে। যেসব বিষয় ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো বাণিজ্য গোপনীয়তা, গবেষণা এবং ব্যবসা ও উৎপাদন পরিকল্পনা।
গ্রীষ্মের শুরুর দিকে প্রস্তুতকৃত পাবলিক সেফটি মেমোতে বলা হয়েছে, নুনাভাটের এনার্জি কর্পোরেশন এবং ক্যালগেরিভিত্তিক সানকোর এনার্জি এ বছর সাইবার হামলার লক্ষ্যবস্তু ছিল। পাবলিক সেফটি বাড়তি আরও কিছু পদক্ষেপ খুঁজে দেখছে। এর মধ্যে রয়েছে শিল্প, অ্যাকাডেমিয়া এবং প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা।

