
গত ১৯ নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে টরেন্টোর লিজিয়ন হলে মিউজিক ফর চ্যারিটি ফাউন্ডেশন আয়োজিত রুবেন লাইভ ইন কনসার্ট। মিউজিক ফর চ্যারিটি ফাউন্ডেশন এ বছর প্রথমবারের মতো এই অনুষ্ঠানটির আয়োজন করে এবং এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ তুলে দেয়া হবে ইউনাইটেড ওয়ে গ্রেটার টরন্টো এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফান্ডে।
আয়োজন শুরু হয় ইউনাইটেড ওয়ে গ্রেটার টরন্টো এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপর চমৎকার একটি তথ্য চিত্রের মাধ্যমে। এর পরে গুণী নৃত্য গুরু সুলতানা হায়দার ও অরুণা হায়দারের অনবদ্য নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। প্রিয় কণ্ঠ ও বাচিক শিল্পী ফারহানা আহমেদ এর কবিতার মাঝে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। এর পরেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় গুণী ও জনপ্রিয় মাল্টিট্যালেন্টেড শিল্পী রুবেন ইউসুফকে। তিনি দেশের গান গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করেন। এর পরে তিনি বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী পুরনো ও নতুন গান, আধুনিক গান সহ ব্যান্ডের গান, হিন্দি ও ইংলিশ গানও পরিবেশন করেন। তার পরিবেশনার মাঝে দর্শক সারি থেকে পরিচিত মুখ রিয়ালটর সাবরিনা সুলতানা মলি একটি গানে কণ্ঠ মিলান এবং নৃত্যশিল্পী পারমিতা তিন্নি অন্য একটি গানে নৃত্য পরিবেশন করে ভিন্নতা আনেন। টরন্টোর বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ও পরিচিত ব্যাক্তিত্বদের উপস্থিতিতে রুবেন ইউসুফের একক সংগীত সন্ধ্যাটি একটি মিলনমেলায় পরিণত হয়। রুবেনের ভিন্ন ধারার নানা আঙ্গিকের গানের নির্বাচন ও গায়কী দর্শকপ্রিয়তা পায়। দর্শকসারিতে গীতিকার রোবেদা ইউসুফ এবং এক্স ডিপ্লোম্যাট ইউসুফ আলী উপস্থিত ছিলেন এবং তারা মঞ্চে রুবেন সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উল্লেখ্য তারা রুবেন ইউসুফের গর্বিত পিতামাতা।
আয়োজনে সম্মানিত স্পনসরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয় টাইটেল স্পন্সর ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদকে। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রুবেন ইউসুফের সহধর্মিনী সোহেলী ইউসুফ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন এনআরবি টিভির প্রিয় মুখ অজন্তা চৌধুরী। শব্দ নিয়ন্ত্রণে ছিলো ডানফোর্থ সাউন্ড। বাদ্যযন্ত্রে ছিলেন গুণী মিউজিশিয়ান জাহিদ হোসেন, সোহেল ইমতিয়াজ , পল হাকিম , তানজির আলম রাজীব ও অতিথি বাদ্যযন্ত্রশিল্পী হিসাবে ছিলেন মেহেদী ফারুক। আয়োজনে কণাস কাপড় স্পন্সর করে শিল্পী রুবেন ইউসুফ এবং উপস্থাপিকা অজন্তা চৌধুরীর পোশাক এবং রাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কারও প্রদান করে। উল্লেখ্য কণাস কাপড় টরন্টোতে ইতিমধ্যেই দেশীয় পোশাক সরবরাহ করে একটি উল্লেখযোগ্য অবস্থান সৃষ্টি করেছে। আয়োজনে স্থির চিত্র ধারণ করেন কামরান করিম ও ভিডিওগ্রাফি করেন লুক্স মিডিয়া ষ্টুডিও। সোশ্যাল মিডিয়া পার্টনার হিসাবে এসিবি পাশে এসে দাঁড়ায় এবং আয়োজনটি ধারণ করে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি।
অনুষ্ঠানটি শেষ হয় দেশের গানের মাধ্যমে, দর্শক সারিতে তখন বাংলাদেশের সবুজ লাল পতাকা হাতে সবাইকে কণ্ঠ মিলাতে শোনা যায়। অনুষ্ঠানে ডোনেশন বক্স-এ অনেককেই দেখা যায় অর্থ প্রদান করতে। উল্লেখ্য শিল্পী রুবেন ইউসুফ চার বছর বয়স থেকেই গানের চর্চা শুরু করেন এবং বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী বশির আহমেদের কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। বাংলাদেশের টিভি চ্যানেল ও রেডিওতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তার কণ্ঠশৈলীর দক্ষতায়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার নানা মঞ্চে তিনি গান গেয়েছেন, কুড়িয়েছেন জনপ্রিয়তা। নর্থ আমেরিকার ফোবানায় গান গেয়ে গোল্ড মেডেল অর্জন করেছেন। তিনটি সিডি প্রকাশিত হয়েছে এবং সম্প্রতি দুইটি মিউজিক ভিডিও বেশ শ্রোতা ও দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যাক্তিগত জীবনে রুবেন ইউসুফ একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার। ছবি আঁকা ও ব্যাডমিন্টন তার অবসরের সঙ্গী।
মিউজিক ফর চ্যারিটি ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে। আগামীতে এমন প্রচেষ্টার মাধ্যমে সমাজের নানা ক্ষেত্রে কাজ করতে চায় মিউজিক ফর চ্যারিটি ফাউন্ডেশন।

