
বিদ্বেষপ্রসূত সহিংসতা বৃদ্ধির কারণে যেসব কমিউনিটি গ্রুপ উদ্বেগে রয়েছে তাদের নিরাপত্তা ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পেছনে ৫০ লাখ ডলার ব্যয় করছে ফেডারেল সরকার। জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ ৬ নভেম্বর এই ঘোষণা দিয়েছেন।
সংসদীয় এলাকা থেকে এমপিদের কাছে উৎকণ্ঠা প্রকাশ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই তহবিল দেওয়া হয়েছে। সংসদীয় এলাকার মানুষরা বলছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের কারণে তারা তাদের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন। ৬ নভেম্বর হাউস অব কমন্সের বাইরে এমনটাই জানান জননিরাপত্তামন্ত্রী।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ কানাডাজুড়ে বিক্ষোভে ভূমিকা রাখছে এবং ইহুদি ও মুসলমান উভয় সম্প্রদায়ই ভয়ের মধ্যে রয়েছে।
লাব্লাঁ বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেশের কমিউনিটিগুলোর মধ্যে সত্যিই উদ্বেগের সৃষ্টি করেছে।
বিদ্যমান নিরাপত্তা কর্মসূচির অতিরিক্ত হিসেবে এই তহবিল দেওয়া হবে। কমিউনিটি সংগঠনগুলো সাময়িক ব্যক্তিগত নিরাপত্তা সেবা বাবদ এই তহবিলের জন্য আবেদন করতে পারবে। তহবিলের জন্য যোগ্যতার শর্তও শিথিল করা হয়েছে। এর ফলে ডেকেয়ার সেন্টার, কমিউনিটি সেন্টার ও ঝুঁকিতে থাকা কমিউনিটিগুলোর অফিস ভবনও এর যোগ্য হবে।
অটোয়া পুলিশ গত সপ্তাহে ঘৃণাপ্রসূত বেশ কিছু অপরাধের ঘটনা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাফিতি, ভাংচুর, হেইট মেইল এবং অটোয়ার ইহুদি ও মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকি। সেই সঙ্গে বিক্ষোভ, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি জোরদারেরও ঘোষণা দেওয়া হয়েছে।
গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে টরন্টো পুলিশের কাছে বিদ্বেষপ্রসূত অপরাধ সংশ্লিষ্ট কলের সংখ্যাও বেড়ে গেছে বলে জানিয়েছেন টরন্টো পুলিশপ্রধান মাইরন ডেমকিউ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহে পার্লামেন্ট হিলে ফিলিস্তিনে সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে স্বস্তিকা প্রদর্শনের ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লেখেন, কানাডিয়ানদের শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার রয়েছে। কিন্তু আমরা ইহুদি বিদ্বেষ, ইসলামোফোবিয়া বা অন্য যেকোনো ধরনের ঘৃণা মেনে নিতে পারি না।
জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছেন বলে জানান জননিরাপত্তামন্ত্রী। একইভাবে যেসব কমিউনিটি তাদের ভবনগুলোতে নিরাপত্তা বাড়াতে চান তাদের জন্য আর্থিক সহায়তার গতি বাড়াতে তার বিভাগকে নির্দেশ দিয়েছেন। ঘোষিত নতুন এই তহবিলের জন্য আবেদন গ্রহণ ৭ নভেম্বর শুরু হয়েছে।

